তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট? ‘আগে আয়নায় মুখ দেখুন’, শাহ-র পাল্টায় বিস্ফোরক মমতা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই রাজনৈতিক আক্রমণ আর প্রতি-আক্রমণে সরগরম বাংলা। সম্প্রতি তৃণমূল সরকারের দুর্নীতির খতিয়ান দিয়ে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ‘চার্জশিট’ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার তার পাল্টা জবাবে মেদিনীপুরের জনসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ‘বজ্জাত’ বলে সম্বোধন করে তিনি সাফ জানালেন, যারা নিজেরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে, তাদের মুখে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিটের কথা মানায় না।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুর চড়িয়ে বলেন, “এরা এত বজ্জাত যে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেবে, আর নিজেরা পিছন দিয়ে সব লুটেপুটে খাবে। নোটবন্দির সময় আপনারা লাইনে দাঁড়িয়েছেন, এখন আবার ফর্ম-৬ নিয়ে নতুন খেলা শুরু করেছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ভোটার তালিকায় কারচুপি করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি একে ‘ভোটবন্দি’ বলে আখ্যা দেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন।
চার্জশিট প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার জিএসটির নামে রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু বাংলার প্রাপ্য বকেয়া মেটাচ্ছে না। আবাসন যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে বলে তিনি সরব হন। তাঁর কথায়, “তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে নিজেদের আয়নায় মুখ দেখুন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বাংলা দখল করা যাবে না।” নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক ভঙ্গি কর্মীদের মনোবল যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তা জনসভার ভিড় থেকেই স্পষ্ট।