তালা ভেঙে বা ছাদ কেটে, শক্তিগড় বাজারে এক রাতেই ১২ দোকানে চুরি

একের পর এক দোকানে দুঃসাহসিক চুরি। কোথাও দোকানের তালা ভেঙে, আবার কোথাও ছাদ কেটে চুরির ঘটনায় শক্তিগড় বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক রাতেই কমপক্ষে ১২টি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

ভোরবেলা দোকান খুলে মাথায় হাত
জানা গেছে, বৃহস্পতিবার ভোরবেলা একজন ব্যবসায়ী নিজের দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দরজা ভাঙা। দোকানের ভেতরে সমস্ত জিনিসপত্র ছড়ানো-ছিটানো এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা উধাও। সঙ্গে সঙ্গে তিনি অন্যান্য দোকানদারদের খবর দেন। অন্যরাও এসে দেখেন, তাদের দোকানেও একই ঘটনা ঘটেছে। কোনো দোকানের তালা ভাঙা, আবার কোনো দোকানের এ্যাসবেস্টারের ছাদ কেটে চোরের দল ভেতরে ঢুকেছে।

আলুর গোডাউনের ক্যাশিয়ার সজল সামন্ত জানান, তার মালিকের ফোন পেয়ে তিনি এসে দেখেন, তালা ভাঙার চেষ্টা ব্যর্থ হওয়ায় চোরেরা ছাদ ভেঙে দোকানে ঢুকেছে। আলমারি ভেঙে নগদ ৬৮ হাজার টাকা এবং কিছু বন্ড চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অবিলম্বে রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন এবং পুলিশের কাছে ঘটনার দ্রুত কিনারা করে দোষীদের গ্রেফতারের আবেদন জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।