তারকেশ্বরকে কি ‘কাশী বিশ্বনাথ’ বানাবেন শুভেন্দু? মোদীর সভার আগে আজ জেলায় হাই-ভোল্টেজ সফর!

মঙ্গলবার হুগলি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনি ঐতিহাসিক তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম হুগলি সফর। পুজো দেওয়ার পাশাপাশি তিনি মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন। তবে এই সফরের মূল লক্ষ্য আসন্ন ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষেই আজ স্থানীয় বিজেপি বিধায়কদের সঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তিনি হুগলিতে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন কলকাতা থেকে সড়কপথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে তিনি সিঙ্গুর, কামারকুণ্ডু ও নালিকুল পেরিয়ে পৌঁছবেন তারকেশ্বরে। মন্দিরে পুজো ও প্রসাদ গ্রহণের পর মন্দির সংলগ্ন একটি অতিথি নিবাসে তিনি জেলার নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসবেন। বৈঠকের পর তারকেশ্বর ও ধনেখালিতে প্রধানমন্ত্রীর সভার জন্য সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে হরিপালের সভায় শিল্পসহ যে প্রতিশ্রুতিগুলি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তার ওপর ভিত্তি করেই এই জনসভার রূপরেখা চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে বিজেপি সরকার এলে বারাণসীর আদলে তারকেশ্বর মন্দিরে একটি বিশাল করিডোর নির্মাণ করা হবে। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে মন্দির চত্বরে কিছু তোরণ নির্মাণ ছাড়া বিশেষ উন্নয়ন হয়নি। তাই এলাকাবাসীর প্রত্যাশা, মুখ্যমন্ত্রী আজ উন্নয়নের এই খতিয়ান নিয়ে বিশেষ কোনো বার্তা দেবেন।

উল্লেখ্য, বিরোধী দলনেতা হিসেবে অতীতে তারকেশ্বর সফরে এসে বাধার মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেবার তাকে কালো পতাকা দেখানো ও পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছিল। তবে আজ মুখ্যমন্ত্রী হিসেবে তার সফর ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো মন্দির চত্বর। মন্দিরের পুরোহিত প্রদ্যুৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যের সকলের মঙ্গল কামনায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। স্থানীয় বিজেপি সমর্থক স্বপ্না ঘোষাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তাকে এলাকায় পেয়ে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা তারকেশ্বরের সার্বিক উন্নয়নে মুখিয়ে আছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy