বাইশ গজে ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রাজস্থান রয়্যালস (RR) অধিনায়ক রিয়ান পরাগের। সাত ইনিংসে করেছেন মাত্র ৮১ রান। কিন্তু মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এবার মাঠের বাইরের এক বিতর্কিত আচরণে খবরের শিরোনামে উঠে এলেন এই অসমীয়া তারকা। লাইভ ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিসিআই (BCCI)। ইতিমধ্যেই রাজস্থান অধিনায়ককে শোকজ করেছে বোর্ড।
কী ঘটিয়েছেন রিয়ান পরাগ?
সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর রাজস্থানের নেতৃত্বের ব্যাটন উঠেছে রিয়ানের হাতে। কিন্তু দায়িত্ব পাওয়ার পরেই বিতর্কে জড়ালেন তিনি। অভিযোগ উঠেছে, ড্রেসিংরুমে বসে তিনি ই-সিগারেট বা ভ্যাপিং করছিলেন, যা ক্যামেরার নজরে আসে। ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় বিষয়টি নিয়ে শুধু ক্রিকেট মহল নয়, প্রশাসনিক স্তরেও চাঞ্চল্য ছড়িয়েছে।
কারাদণ্ডও হতে পারে রিয়ানের!
রিয়ানের এই আচরণ কেবল ক্রিকেটের শৃঙ্খলাভঙ্গ নয়, দেশের আইনেরও পরিপন্থী। ২০১৯ সালে ভারতে কার্যকর হওয়া PECA আইন অনুযায়ী, ই-সিগারেটের উৎপাদন, বিক্রয়, এমনকি ব্যবহারও দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনের ফলে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফলে বিসিসিআই-এর শাস্তির পাশাপাশি আইনি গেরোয় রিয়ান পড়েন কি না, এখন সেটাই দেখার।
ক্রিকেট বিশ্বে ‘সুখটান’ বিতর্ক নতুন নয়
রিয়ানের এই কাণ্ড ক্রিকেট ভক্তদের মনে করিয়ে দিচ্ছে পুরনো কিছু ঘটনার কথা:
এবি ডি ভিলিয়ার্স: ২০২৬ সালের জানুয়ারিতে SA20 লিগ চলাকালীন ক্যামেরায় ভ্যাপিং করতে ধরা পড়েছিলেন এই প্রোটিয়া তারকা। তবে দক্ষিণ আফ্রিকায় এটি অবৈধ না হওয়ায় তিনি বড় কোনো শাস্তির মুখ থেকে বেঁচে যান।
অ্যারন ফিঞ্চ: ২০২০ সালে আইপিএল চলাকালীন ড্রেসিংরুমে ভ্যাপিং করতে দেখা গিয়েছিল এই অজি কিংবদন্তিকে। সেই সময় সংযুক্ত আরব আমিরশাহিতেও এই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল।
পারফরম্যান্সে ভাটা, নেতৃত্বে সাফল্য
ব্যক্তিগতভাবে রিয়ান রান না পেলেও, অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা মন্দ হয়নি। বৃষ্টিতে কেকেআর ম্যাচ পণ্ড হওয়ার পর তাঁর নেতৃত্বেই গত ম্যাচে পঞ্জাব কিংসকে হারিয়েছে রাজস্থান। তবে ক্যাপ্টেন হিসেবে দলের সংহতি বজায় রাখার বদলে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রিয়ানের ওপর ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষও।





