ডিজিটাল যুগেও নগদই রাজা! এটিএম থেকে টাকা তোলায় রেকর্ড গড়ল এই ৫ রাজ্য

ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টের এই আধুনিক যুগেও ভারতের অর্থনীতিতে নগদ টাকার গুরুত্ব কমেনি। সিএমএস-এর ‘ইন্ডিয়াজ কনসাম্পশন স্টোরি সিওয়াই২৫’ রিপোর্ট অনুযায়ী, অনলাইন লেনদেনের পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনে নগদের চাহিদা এখনও আকাশচুম্বী। দেশের কোন রাজ্যগুলো এটিএম থেকে সবচেয়ে বেশি টাকা তুলছে, সেই তালিকা প্রকাশ পেয়েছে।

এই তালিকায় শীর্ষে রয়েছে কর্ণাটক। তথ্য বলছে, রাজ্যের প্রতিটি এটিএম থেকে মাসে গড়ে ১.৭৩ কোটি টাকা তোলা হয়। বেঙ্গালুরুর মতো মেট্রো শহরের কর্মব্যস্ত জীবন ও ব্যবসার প্রয়োজনে নগদের এই চাহিদা প্রবল। দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে এই অঙ্ক ১ কোটি ৬৫ লক্ষ টাকা। রাজ্যের খুচরো বাজার ও ছোট ব্যবসায় লেনদেনের প্রধান মাধ্যম এখনও নগদ টাকাই।

তামিলনাড়ু রয়েছে তৃতীয় স্থানে, যেখানে এটিএম প্রতি মাসিক গড় উত্তোলন ১ কোটি ৬২ লক্ষ টাকা। এছাড়া, ছত্তিশগড় ও ওড়িশাও এই তালিকায় জায়গা করে নিয়েছে; সেখানে যথাক্রমে ১ কোটি ৫২ লক্ষ ও ১ কোটি ৫১ লক্ষ টাকা তোলা হয়েছে। মূলত গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় ছোট ব্যবসা ও স্থানীয় কেনাকাটায় নগদ অর্থের ওপর মানুষের নির্ভরশীলতাই এই বিপুল উত্তোলনের প্রধান কারণ। অনলাইন পেমেন্টের জনপ্রিয়তা সত্ত্বেও, ভারতের সামগ্রিক অর্থনৈতিক লেনদেনে নগদ অর্থ যে আজও এক অপরিহার্য অংশ, এই পরিসংখ্যান তা স্পষ্ট করে দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy