ডায়মন্ড হারবারে ইলিশ চুরি নিয়ে তোলপাড়, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী

ইলিশের ভরা মরশুমে মাছ চুরি নিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইলিশ চুরির অভিযোগ তুলেছেন। তাঁর ফেসবুক পোস্টে তিনি এর নাম দিয়েছেন “ডায়মন্ড হারবার মডেল – তোলাবাজ পুলিশের ইলিশ চুরি!”।
কী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী?
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশ সাধারণ মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে। তার পোস্টে তিনি লেখেন, মাছ ব্যবসায়ীরা আড়ত থেকে ইলিশ কিনে ফেরার পথে পুলিশ তাদের গাড়ি আটকে দিচ্ছে। প্রতিটি গাড়ি থেকে ৪০-৫০ হাজার টাকা করে তোলা দাবি করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী টাকা দিতে রাজি না হন, তখন ছোট ইলিশ থাকার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে রাখা হচ্ছে।
তিনি আরও দাবি করেন যে, মগরাহাট থানার এক পুলিশ আধিকারিক, সৈকত রায়, একটি মাছ বোঝাই গাড়ি আটকে দেন। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে সেই পুলিশ অফিসার নিজেই গাড়ির ইলিশ নিয়ে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে বিক্রি করতে যান। তখনই এক ব্যবসায়ী তাকে হাতেনাতে ধরে ফেলেন।
ব্যবসায়ীদেরও গুরুতর অভিযোগ
শুধু শুভেন্দু অধিকারীই নন, মৎস্য ব্যবসায়ীরাও পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তারা বলছেন, পুলিশ শুধু গাড়ি আটকে রাখছে না, বরং গোপনে দুটি সিনটেক্স ভর্তি ইলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। পরে সেই মাছ বিক্রি করে তোলা আদায় করা হচ্ছে। এই ঘটনায় ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর ‘বদান্যতায়’ রাজ্যের পুলিশ এখন তোলাবাজ হয়ে উঠেছে এবং দুষ্কৃতী ধরার বদলে ব্যবসায়ীদের থেকে টাকা তোলা এবং জিনিসপত্র চুরি করে বিক্রি করাকেই নিজেদের কাজ বলে মনে করছে। তিনি এই ঘটনাকে ‘ডাকাত সম্রাটের ডায়মন্ড হারবার মডেল’ বলেও কটাক্ষ করেছেন।