“ডাক্তারের হবে ডিগ্রি যাচাই!”-‘নো ইওর ডক্টর’ অভিযানে নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন

কয়েক বছর আগে রাজ্যে একের পর এক ভুয়ো চিকিৎসকের পর্দাফাঁস হওয়ার ঘটনা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। সাধারণ মানুষের জীবন নিয়ে এই বিপজ্জনক খেলা রুখতে এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে চলেছে সরকার। রাজ্যের প্রায় ১ লক্ষ ১০ হাজার রেজিস্টার্ড চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেট নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার স্বাস্থ্য ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বড় ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই বিশেষ অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘নো ইওর ডক্টর’ (Know Your Doctor বা KYD)।

হঠাৎ কেন এই কড়া পদক্ষেপ?

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি নমুনা হিসেবে কিছু চিকিৎসকের নথি যাচাই করতে গিয়ে বেশ কয়েকজন ভুয়ো চিকিৎসকের সন্ধান মেলে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা সমস্ত চিকিৎসকের তালিকা চুলচেরা বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত যত চিকিৎসক রেজিস্টার্ড হয়েছেন, তাঁদের প্রত্যেকের জমা দেওয়া ডিগ্রি এবং শংসাপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনও সৎ ও প্রকৃত চিকিৎসককে অকারণে হয়রানি করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পুরো বিষয়টি পরিচালনা করা হবে।

কীভাবে হবে এই নথি যাচাই?

চিকিৎসকদের যাতে কোনওোরকম সমস্যায় পড়তে না হয়, তার জন্য মূলত দুটি পদ্ধতির কথা ভাবা হয়েছে:

  • সরাসরি উপস্থিতি: চিকিৎসকেরা নিজেরাই সরাসরি মেডিক্যাল কাউন্সিলে গিয়ে তাঁদের সমস্ত প্রয়োজনীয় আসল নথি দেখাতে পারবেন।

  • ভিডিয়ো কনফারেন্সিং: যেসব চিকিৎসক বয়সজনিত সমস্যা, অসুস্থতা বা দূরত্বের কারণে সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাঁদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করে নথি যাচাই করা হবে। প্রয়োজনে এই কাজে কোনো বেসরকারি সংস্থার সাহায্যও নিতে পারে রাজ্য সরকার।

শুধু ভুয়ো চিকিৎসক ধরা নয়, ডাটাবেস আপডেট করাই লক্ষ্য

স্বাস্থ্য দফতর মনে করছে, এই মেগা ভেরিফিকেশন ক্যাম্পেইনের মাধ্যমে কেবল ভুয়ো চিকিৎসকদেরই চিহ্নিত করা যাবে না, পাশাপাশি মৃত চিকিৎসক, যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন কিংবা যাঁরা আর পেশার সঙ্গে যুক্ত নন—তাঁদের নামও রেজিস্ট্রি থেকে বাদ দেওয়া সম্ভব হবে। এর ফলে মেডিক্যাল কাউন্সিলের তথ্যভান্ডার বা ডাটাবেস আরও অনেক বেশি নিখুট ও নির্ভুল হয়ে উঠবে।

চিকিৎসকদের রেজিস্ট্রেশন কি বাতিল হবে?

নথি যাচাইয়ের এই ঘোষণার পরেই ডাক্তার মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, নতুন নির্দেশিকা চূড়ান্তভাবে জারি না হওয়া পর্যন্ত বর্তমানে নথিভুক্ত সব চিকিৎসকের রেজিস্ট্রেশন সম্পূর্ণ বৈধ থাকবে। এছাড়া সার্টিফিকেট বা শংসাপত্রে থাকা পাঁচ বছরের মেয়াদের আইনি ভিত্তি নিয়েও যে ধোঁয়াশা ছিল, তা দূর করার চেষ্টা চলছে। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানিয়েছেন, মূলত তথ্য যাচাইয়ের সুবিধার্থেই ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার, এই বিশাল যজ্ঞ কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে পারে স্বাস্থ্য দফতর।