“দিদি চার বছর ফোঁটা দেননি!”-শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ মমতার ভাই বাবুন, তুঙ্গে জল্পনা

রাজনৈতিক বৈরিতা কিংবা পারিবারিক দূরত্ব—কোনো কিছুকেই আর আড়াল করার চেষ্টা নেই। খাস মুখ্যমন্ত্রীর নিজের এলাকা ও পাড়াতেই কালীপুজোয় যোগ দিলেন বিরোধী শিবিরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। আর তাতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর পরিস্থিতি। মঙ্গলবার সন্ধ্যায় মমতার বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজোয় সশরীরে হাজির হন শুভেন্দু। প্রতিমা দর্শন ও আরতি করার পাশাপাশি যেভাবে তাঁকে সামনে থেকে অভ্যর্থনা জানিয়েছেন বাবুন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চার অন্ত নেই।

শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম ও বিস্ফোরক বার্তা

শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে বাবুনের উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। শুধু পুজোয় বরণ করেই ক্ষান্ত থাকেননি তিনি, সোজা শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। ক্যামেরার সামনেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “দাদা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।”

মমতা-বাবুন টানাপড়েন ও পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ

দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুনের সম্পর্কের টানাপড়েনের কথা আজ আর কারও অজানা নয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগেই সেই পারিবারিক সংঘাত জনসমক্ষে চলে এসেছিল। হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুন। এমনকি প্রয়োজনে নিজে নির্দল প্রার্থী হয়ে লড়ার পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সেই সময় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মেজাজ হারিয়ে বাবুনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাবুনকে আর তিনি পরিবারের সদস্য বলে মনে করেন না। যদিও পরবর্তীতে সেই বিতর্ক ধামাচাপা দিতে নিজের অবস্থান থেকে সরে এসে দিদির পাশেই থাকার বার্তা দিয়েছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়।

“দিদি চার বছর আমায় ফোঁটা দেননি!”

তবে মঙ্গলবারের এই মেগা ইভেন্টের আগে পুরোনো সেই ক্ষোভ এবং দূরত্ব ফের উস্কে দিয়েছেন বাবুন স্বয়ং। শুভেন্দু অধিকারীর পুজোয় আসার ঠিক আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক প্রকার বিস্ফোরক মন্তব্য করেন। বাবুন বলেন, “যাঁরা ভালোবাসা রাখতে জানেন, তাঁদের সঙ্গেই ভালোবাসা রাখা উচিত। শুভেন্দু অধিকারী আমাদের পাড়ায় আসবেন, এটা আমাদের পাড়ার গর্ব। তাছাড়া গত চার বছর ধরে দিদি আমায় ফোঁটা দেননি। এমনকি আমাদের এই পুজো নিয়ে দু’দিন আগে উনি কী বলেছিলেন, তাও তো সবাই দেখেছে!”

একদিকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চরম পারিবারিক দূরত্ব, আর অন্যদিকে বিরোধী শিবিরের শীর্ষ নেতা শুভেন্দুকে নিজের পাড়ার পুজোয় সাদরে বরণ করে নেওয়া—বাবুনের এই প্রকাশ্য সমর্থন এবং বিস্ফোরক মন্তব্য যে আসন্ন দিনে বাংলার রাজনীতিতে এক নতুন ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য।