নিউজিল্যান্ডে গিলের ব্যাট শান্ত কেন? কৌশল না বদলালে নামবে চরম বিপদ, কড়া সতর্কবার্তা ভারতের প্রাক্তন তারকার!

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) যার গড় ৬২-এর ওপরে এবং ঝুলিতে রয়েছে ১১টি শতরান, সেই শুভমান গিলই নিউজিল্যান্ডের পিচে চরম পরাস্ত! প্রথম ওডিআই-তে ৫৬ বলে মাত্র ৩৭ রান এবং দ্বিতীয় ম্যাচে এক বল না খেলেই ‘গোল্ডেন ডাক’ (Golden Duck)— কিউই সফরে গিলের এই অফ-ফর্ম নিয়ে এখন তীব্র উদ্বিগ্ন ক্রিকেট মহল। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার মুরলী কার্তিক এবং প্রাক্তন ব্যাটার আম্বাতি রায়ডু মনে করছেন, সেনা (SENAA – দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির গতি ও সুইং সহায়ক পিচে সফল হতে হলে শুভমানকে দ্রুত তাঁর খেলায় বড়সড় পরিবর্তন আনতে হবে।
সেনা দেশে পরিসংখ্যান ও গিলের ব্যর্থতা: সাত বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ওডিআই ফরম্যাটে প্রচুর রান করলেও সেনা দেশগুলির মাটিতে এখনও একটিও শতরান করতে পারেননি গিল। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ব্যাটিং গড় যেখানে মাত্র ১৯, সেখানে নিউজিল্যান্ডের মাটিতে তা ২৬.৮৩। আগামী বছর ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে শুভমান এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। বিশ্বকাপের আগে গিলের এই পরিসংখ্যানেই বাড়ছে দুশ্চিন্তা।
কার্তিকের পরামর্শ ও বিরাট উদাহরণ: ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরলী কার্তিক বলেন, “পরিস্থিতি সামলাতে শুভমানকে খুব দ্রুত ওর টেকনিকে সামান্য পরিবর্তন আনতে হবে। ফুটওয়ার্কে একটু বদল আনা অথবা শট খেলার সময় হাত জোড়া খানিকটা আলগা (Soft Hands) রাখা— ঠিক যেভাবে বিরাট কোহলি এই সিমিং পিচে সফলভাবে শট খেলে। পেস ও সুইং সহায়ক উইকেটে নতুন বল এবং লென্থ ডেলিভারি মোকাবিলা করা কখনোই সহজ নয়, কিন্তু শুভমানকে এটা খুব তাড়াতাড়ি শিখতে হবে।”
রায়ডুর পর্যবেক্ষণ: একই আলোচনায় প্রাক্তন ভারতীয় ব্যাটার আম্বাতি রায়ডু স্মরণ করিয়ে দেন ২০১৯ সালে গিলের প্রথম নিউজিল্যান্ড সফরের কথা। সেই সফরে গিলের রান ছিল যথাক্রমে ৯ এবং ৭। রায়ডু জানান, কিউই বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার বারবার ভুগেছে। গিলের ব্যাটিং শৈলীতে কিছুটা পরিবর্তন এলেও বলের লাইনে এসে যেভাবে শক্ত হাতে তিনি শট খেলেন, নিউজিল্যান্ডের গতিময় পিচে সেটাই বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কার্তিক ও রায়ডু উভয়েরই মত, আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে নিজের এই টেকনিক্যাল গলদ না শুধরোলে কপালে বড় দুঃখ আছে তরুণ এই তারকার।