‘ডবল ইঞ্জিন’ সরকারেই বদলাবে বাংলার ভাগ্য? বড় ঘোষণা বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

তৃণমূল সরকারের ‘উদাসীনতা’ ও রাজনৈতিক সংঘাতের কারণে পশ্চিমবঙ্গের উন্নয়নের গতি দীর্ঘদিন ধরে থমকে রয়েছে বলে গুরুতর অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, কেন্দ্রের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প রাজ্যে ঠিকমতো বাস্তবায়িত না হওয়ায় পরিকল্পিত নগরোন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে রাজ্যের বহু এলাকা। তবে, ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে এই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে শমীক ভট্টাচার্য সরব হন। তাঁর অভিযোগ, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ৭৮০টি ‘সেনসাস টাউন’-কে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের একটি রূপরেখা তৈরি করেছিল। এই প্রকল্পের মাধ্যমে উন্নত রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রিট লাইটের মতো পরিষেবাগুলি নিশ্চিত করার লক্ষ্য ছিল কেন্দ্রের। কিন্তু তৎকালীন রাজ্য সরকারের ‘অনীহা’য় সেই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
বঞ্চিত মানুষ, দাবি বিজেপির বিজেপি সভাপতির মতে, সেই সময় প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আজ রাজ্যের দ্রুত জনবসতিপূর্ণ এলাকাগুলি অপরিকল্পিত নগরায়ণের অভিশাপ থেকে মুক্তি পেত। সঠিক পরিকাঠামোর অভাবে সাধারণ মানুষ আজও নাগরিক সুবিধার ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ভবিষ্যতের পথচলা শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন যে, রাজ্যের মানুষ এখন আর রাজনৈতিক সংঘাত নয়, বরং দৃশ্যমান উন্নয়ন দেখতে চান। তিনি বলেন, “নতুন সরকার কেন্দ্রের অর্থ, প্রযুক্তি এবং পরিকল্পনার সঠিক সমন্বয় ঘটিয়ে পশ্চিমবঙ্গকে আধুনিক ও বাসযোগ্য করে তুলবে।” অতীতে হাতছাড়া হওয়া সুযোগগুলি ভবিষ্যতে আর হতে দেওয়া হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
শেষ পর্যন্ত তাঁর দাবি, উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজন প্রশাসনিক সদিচ্ছা। সেই সদিচ্ছা নিয়েই রাজ্যকে আধুনিক পশ্চিমবঙ্গের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি।