‘ডন ২’ সিনেমার ধাঁচে জেল থেকে পলায়ন, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য!

কিং খান অভিনীত ‘ডন ২’ সিনেমার মতো ঘটনা ঘটল বাস্তবে। রান্নাঘরের দায়িত্বে থাকা দুই দাগী আসামী জেলের এক কর্মীকে হাতুড়ি দিয়ে আঘাত করে চাবি ছিনিয়ে নিয়ে জেল থেকে পালিয়েছে। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার চোদাভারম সাব-জেলে এই ঘটনা ঘটেছে। পুলিশ পলাতক দুই বন্দি নক্কা রবিকুমার এবং বেজাওয়াদা রামুর খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, দুই বন্দি নক্কা রবিকুমার এবং বেজাওয়াদা রামু জেলের রান্নাঘরের কাজে নিযুক্ত ছিল। ঘটনার দিন আচমকাই নক্কা রবিকুমার একটি হাতুড়ি নিয়ে জেলের হেড ওয়ার্ডেনের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি হাতুড়ির আঘাতে ওয়ার্ডেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে, নক্কা রবিকুমার তার কাছ থেকে জেলের চাবি ছিনিয়ে নেয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুই বন্দিই দ্রুত জেল থেকে পালায়। তাদের পালানোর পুরো ঘটনা জেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

জানা গেছে, নক্কা রবিকুমার পেনশন তহবিলের টাকা আত্মসাতের একটি মামলায় এবং বেজাওয়াদা রামু চুরির অভিযোগে জেলে ছিল। পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় জেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।