ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা হলো? পুতিনের সঙ্গে টেলিফোনে মোদী, জোর দিলেন যে বিষয়ে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার টেলিফোনে আলাপ করেছেন। এই আলোচনায় প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের বিষয় মোদীকে অবহিত করেন।

গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ওপর একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কোনো সমাধান হয়নি।

এই ফোন কলের জন্য প্রধানমন্ত্রী মোদী পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি কূটনীতি ও আলোচনার ওপর জোর দেন এবং বলেন যে ভারত এই ধরনের সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেছেন।

এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স (আগে টুইটার) এ লিখেছেন, “আমি আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে তার ফোন কলের জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের তথ্য জানানোর জন্য ধন্যবাদ জানাই। ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আমি আমাদের মধ্যে আগামী দিনেও যোগাযোগ অব্যাহত রাখার জন্য উন্মুখ।”

এই ফোন কলের তাৎপর্য এই কারণেও গুরুত্বপূর্ণ যে সম্প্রতি ট্রাম্প সরকার রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়া থেকে তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। এর জবাবে, ভারত এই শুল্কের তীব্র প্রতিবাদ জানায়।

ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, “সাম্প্রতিক সময়ে, আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। আমরা আগেই এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। রাশিয়া থেকে আমাদের তেল আমদানি আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অন্যান্য অনেক দেশও তাদের জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে। আমরা পুনরায় বলছি যে এই পদক্ষেপটি অন্যায্য, ভুল এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।”

আলাস্কার বৈঠকে ভারতের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে ভারত স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, “আলাস্কা শীর্ষ সম্মেলনে যে অগ্রগতি হয়েছে, ভারত তার প্রশংসা করে। শুধুমাত্র সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই সামনের পথ খুঁজে পাওয়া সম্ভব। বিশ্ব ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে চায়।”