টিম কুকের যুগ শেষ! অ্যাপলের মেগা ইভেন্টে সবচেয়ে বড় চমক হিসেবে কোন ঐতিহাসিক গ্যাজেট আসছে?

আর মাত্র তিন দিন বাদেই বিশ্বজুড়ে শুরু হতে চলেছে অ্যাপলের প্রতীক্ষিত মেগা ইভেন্ট ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ (Surprise and Shine)। এই ইভেন্টকে কেন্দ্র করে অ্যাপলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে, কারণ গত ১ সেপ্টেম্বর থেকে সংস্থার নতুন প্রধান নির্বাহী বা সিইও হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন জন টার্নাস। বিশেষজ্ঞদের অনুমান, টিম কুক যুগের অবসান ঘটিয়ে জন টার্নাসের হাত ধরেই মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছে অ্যাপলের প্রথম ফোল্ডিং স্মার্টফোন ‘আইফোন আল্ট্রা’। দীর্ঘ এক মাস ধরে জল্পনা ছিল যে টিম কুক নিজে এই শেষ প্রডাক্ট লঞ্চ করবেন, কিন্তু গত ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর পর এখন তিনি নতুন প্রধানের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। ফলে জন টার্নাসের কেরিয়ারে এই মেগা ইভেন্টটি একটি বড় মাইলফলক হতে চলেছে।

আসন্ন এই ইভেন্টে কোন কোন ডিভাইস লঞ্চ হতে পারে, তা নিয়ে প্রযুক্তি মহলে গুঞ্জনের শেষ নেই। সংস্থার তরফে নির্দিষ্ট করে কিছু না জানানো হলেও বেশ কিছু তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে:

  • আইফোন আল্ট্রা (iPhone Ultra): অ্যাপল ইতিমধ্য়েই তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে। ফলে এই ইভেন্টেই যে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফোল্ডিং ফোনটি আত্মপ্রকাশ করবে, তা নিয়ে প্রায় নিশ্চিত টেক বিশ্লেষকরা।

  • আইফোন ১৮ সিরিজ (iPhone 18 Series): এই ইভেন্টে আইফোন ১৮ সিরিজ লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে এই সিরিজের বেস মডেলটি বাদ দিয়ে শুধুমাত্র প্রো (Pro) এবং প্রো ম্যাক্স (Pro Max) মডেল দুটি বাজারে আনা হতে পারে, এবং বেস মডেলটির জন্য ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

  • এয়ারপডস ৫ (AirPods 5): অ্যাপল হাবের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টের মঞ্চেই চমক হিসেবে লঞ্চ হতে পারে সংস্থার নতুন জেনারেশনের ইয়ারবাডস—এয়ারপডস ৫।

টিম কুকের পরামর্শে জন টার্নাসের নেতৃত্বে অ্যাপল তাদের এই নতুন অধ্যায়ে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। আগামী ৯ সেপ্টেম্বরের এই মেগা ইভেন্ট প্রযুক্তি দুনিয়ায় নতুন কোনো ইতিহাস তৈরি করে কি না, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।