টিভির পর্দায় চ্যাটিং! হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানাতে Zoho আনল ‘মেড-ইন-ইন্ডিয়া’ অ্যাপ ‘আরাটটাই’

অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মের দুনিয়ায় এবার বড় চ্যালেঞ্জ নিয়ে আসরে নামল সম্পূর্ণরূপে ‘মেড-ইন-ইন্ডিয়া’ অ্যাপ ‘আরাটটাই’। Zoho সংস্থার তৈরি এই মেসেজিং অ্যাপটি শুরুতেই এমন একটি অভিনব ফিচার নিয়ে এসেছে, যা এখনও হোয়াটসঅ্যাপেও নেই—তা হল অ্যান্ড্রয়েড টিভি ভার্সন। অর্থাৎ, এবার আপনি শুধু ফোন নয়, আপনার টিভির পর্দাতেও চ্যাট করতে পারবেন।
এই নতুন ফিচারের কারণেই অ্যাপ স্টোরে একধাক্কায় অনেকটাই উপরের দিকে উঠে এসেছে আরাটটাই। এটি হোয়াটসঅ্যাপের মতোই টেক্সটিং, কলিং এবং ফাইল শেয়ারিংয়ের সুবিধা দেয়।
কেন ‘আরাটটাই’ অন্যরকম?
এই অ্যাপটির মূল লক্ষ্য কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো বিশ্বসেরা প্ল্যাটফর্মগুলোর থেকে আলাদা। Zoho-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর মস্তিষ্কপ্রসূত এই অ্যাপের উদ্দেশ্য হলো, দেশের সেই সব মানুষের কাছে পৌঁছে যাওয়া, যাঁদের কাছে দামি স্মার্টফোন বা হাই স্পিড ইন্টারনেট নেই।
কম ইন্টারনেট ব্যবহার: আরাটটাই অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি খুব কম ইন্টারনেট ব্যবহার করে। ফলে যেখানে হাইস্পিড ইন্টারনেট নেই, হয়তো শুধুই ২জি ইন্টারনেট আসে, সেই দুর্বল নেটওয়ার্কেও এই অ্যাপ দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নেওয়া যাবে।
কম দামি ফোনের জন্য: অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা সাধারণ ও কম দামি স্মার্টফোনেও দ্রুত কাজ করে।
শ্রীধর ভেম্বুর মতে, ভারতে ডিজিটাল বৈষম্য এখনও একটি বড় সমস্যা। বহু মানুষ ধীর গতির ইন্টারনেটের কারণে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো ভারী অ্যাপ ব্যবহার করতে পারেন না। আরাটটাই সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে।
ভারতের গ্রামীণ ও মফস্বল এলাকায় লাইটওয়েট এই ধরনের অ্যাপের চাহিদা বাড়ছে। এখন দেখার, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘আরাটটাই’ বিশ্বসেরা প্ল্যাটফর্মগুলোকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে।