জুবিন গর্গের বাড়িতে গেলেন জোজো! স্বামীর স্মৃতি আঁকড়ে অসুস্থ স্ত্রী গরিমা, প্রয়াত বন্ধুর বাবাকে কী বললেন গায়িকা?

গত ১৯ সেপ্টেম্বর অসমীয়া সঙ্গীতের জাদুকর জুবিন গর্গের অকাল প্রয়াণ শুধু অসম নয়, গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া নামিয়ে এনেছিল। তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে এখনও কিছু রহস্যের কিনারা হয়নি। এরই মাঝে, প্রয়াত এই শিল্পীর শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তি পেয়েছে, যা বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।
তবে জিনিন গর্গ এবং টলিউডের সম্পর্ক ছিল বহু পুরনো। বাংলার সঙ্গীত জগতের সঙ্গে তাঁর সুদীর্ঘ ঘনিষ্ঠতা ছিল। আর সেই গভীর বন্ধুত্বের টানেই এবার অসমে বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন কলকাতার জনপ্রিয় গায়িকা জোজো (Jojo)।
অসুস্থ গরিমার খবর পেয়েই অসম রওনা জোজোর
সম্প্রতি জোজোর শাশুড়ি মারা যান। সেই কাজ মিটতেই তিনি সোজা গুয়াহাটির পথে রওনা দেন। সূত্রের খবর, জুবিনের স্ত্রী গরিমা বর্তমানে ভীষণভাবে অসুস্থ। এই খবর কানে আসতেই আর স্থির থাকতে পারেননি জোজো। অসম যাওয়ার আগেই বিমানবন্দরে তিনি জানান, “আমি অনেক দিন ধরেই জুবিনের পরিবারের সঙ্গে দেখা করব বলে প্ল্যান করেছিলাম। যেতে পারছিলাম না তাই ছটফট করছিলাম।”
সোমবার দুপুরেই জোজো পৌঁছে যান গুয়াহাটিতে জুবিনের বাড়িতে। সেখানে প্রয়াত বন্ধুকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ কথা বলেন প্রয়াত গায়কের বাবার সঙ্গে। সারা বাড়ি ঘুরে দেখেন জুবিনের ব্যক্তিগত স্মৃতিগুলি।
আক্ষেপ একটাই, গাওয়া হলো না বন্ধুত্বের গান
জোজো-জুবিনের বন্ধুত্ব একটি রিয়্যালিটি শো-তে সূত্রপাত হয়েছিল, যা প্রায় দেড় থেকে দুই বছর ধরে চলে। সেই অনুষ্ঠানের সময়ই তাঁদের সম্পর্ক গভীর হয়। আবেগপ্রবণ জোজো জানান, তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে জুবিন আর নেই।
যদিও জুবিন বাংলার একাধিক হিট গান উপহার দিয়েছেন এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তবুও জুবিনের সঙ্গে কোনও গান না গাওয়ার আক্ষেপ আজীবন রয়ে গেল জোজোর।
উল্লেখ্য, জুবিনের মৃত্যুর পর টলিউড থেকে সেভাবে কেউই অসমে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাননি। এই পরিস্থিতিতে জোজোই প্রথম শিল্পী যিনি সেই বন্ধুত্বের দায় মেটালেন।