জিএসটি ছাড়ের সরাসরি প্রভাব! ট্রেনের রেল নীর জলের দাম কমল, নতুন দাম জেনে নিন!

দীর্ঘ রেলযাত্রায় পানীয় জলের অন্যতম ভরসা ‘রেল নীর’ জলের বোতল। এবার সেই পরিচিত জলের বোতলের দাম কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জিএসটি ছাড়ের সুবিধা সরাসরি যাত্রীদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে এক লিটার ‘রেল নীর’ জলের বোতলের দাম হবে ১৪ টাকা, যা আগে ছিল ১৫ টাকা। একইভাবে, ৫০০ মিলিলিটার ‘রেল নীর’-এর দাম ১০ টাকা থেকে কমে ৯ টাকা করা হয়েছে। অর্থাৎ, দুই ধরনের জলের বোতলের ক্ষেত্রেই দাম ১ টাকা করে কমানো হয়েছে। আইআরসিটিসি (IRCTC) দ্বারা উৎপাদিত এই জলের বোতলগুলি আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন দামে পাওয়া যাবে।

কেন কমল দাম?
সম্প্রতি জিএসটি-তে যে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে, তার ফলস্বরূপই এই মূল্যহ্রাস। এর ফলে রেল যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। এই দাম কমানো নিয়ে রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।

প্রসঙ্গত, প্রতিদিন বহু মানুষ রেলপথে দেশের নানা প্রান্তে যাতায়াত করেন। ট্রেনের ভেতরে অথবা রেলের চত্বরে একমাত্র ‘রেল নীর’ জলই বিক্রি হয়, যা পানীয় জলের চাহিদা পূরণ করে। তাই রেলের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ যাত্রীর জন্য একটি স্বস্তিদায়ক খবর।