জাতীয় সড়কে ভয়াবহ দৃশ্য! চলন্ত বাইক থামতেই দাউদাউ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

বুধবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত মোটর বাইকে হঠাৎ ধোঁয়া দেখে ব্রেক কষতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়, আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাইক চালক।

জানা গিয়েছে, মালদহের চাঁচল ব্লক অফিসের কর্মী অমিয় মণ্ডল এদিন সকালে নিজের বাইকে করে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। এনটিপিসি মোড়ের কাছে আসতেই তিনি বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরিস্থিতি আঁচ করে দ্রুত তিনি বাইকটি রাস্তার পাশে দাঁড় করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক থামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। কোনোমতে সেখান থেকে সরে গিয়ে প্রাণে বাঁচেন অমিয়বাবু। মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাইকটিকে গ্রাস করে নেয়। সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়।

অমিয় মণ্ডল প্রাণে বাঁচলেও, এভাবে চলন্ত বাইকে আচমকা আগুন লেগে যাওয়ায় হতবাক স্থানীয় মানুষজন থেকে ফরাক্কা থানার পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই চাঞ্চল্যকর ঘটনার জেরে জাতীয় সড়কে ভিড় জমে যায় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। বাইকে হঠাৎ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।