জয়নগরে ভয়ঙ্কর কাণ্ড! রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন গৃহবধূ

অল্পের জন্য এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জয়নগর থানার বামুনগাছি পঞ্চায়েতের কামারিয়া এলাকার এক গৃহবধূ। অন্যান্য দিনের মতোই রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় বাড়িতে। তবে সেই সময় রান্নাঘরে কেউ না থাকায় বড়সড় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার কামারিয়ার জোবেদা মোল্লা নামে এক গৃহবধূ রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে থাকে এবং দ্রুত তা বাস্ট (Burst) করে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে।
স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় মানুষজন। অঞ্চল সভাপতির মাধ্যমে খবর দেওয়া হয় জয়নগর থানা, ঢোষা পুলিশ ক্যাম্প এবং জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রে।
তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় চারজন যুবকের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে জয়নগর থানার পুলিশ ও দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করেন।
এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও, ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিলিন্ডার লিক হয়ে আগুন লাগার কারণ জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। এই ঘটনায় গৃহস্থালীর গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিষয়টি আরও একবার সামনে এলো।