জন্মদিনে মোদীকে শুভেচ্ছা, কিন্তু গোপনে আক্রমণও! কংগ্রেসের AI ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন (বুধবার) উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা এসেছে। কিন্তু এর মাঝেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে কংগ্রেস, যা রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে। কংগ্রেস ‘#MyModiStory’ এই হ্যাশট্যাগ ব্যবহার করে একটি এআই (AI) জেনারেটেড ভিডিও প্রকাশ করেছে, যেখানে প্রধানমন্ত্রী এবং শিল্পপতি গৌতম আদানিকে ইঙ্গিত করে সরাসরি আক্রমণ করা হয়েছে।

ভিডিওটিতে আদানির মতো দেখতে একটি চরিত্রকে গুজরাটি ভাষায় কথা বলতে দেখা যায়। সেই চরিত্রটি বলছে, “নরেন্দ্র মোদী আমার একজন খুবই বিশ্বস্ত সমর্থক। এমন কখনও হয়নি যে মোদী আমার নির্দেশের বিরুদ্ধে গেছেন। আমি যা চেয়েছি, যেমন কারখানা, জমি, টেন্ডার, বা চুক্তি— সবই মোদী আমার নামে করে দিয়েছেন।” এই ভিডিও প্রকাশ করে কংগ্রেস জন্মদিনে মোদীকে বিঁধলেও, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু শুধু প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে টুইট করেছেন।

এর আগে বিহার কংগ্রেসও একটি এআই জেনারেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যেখানে প্রধানমন্ত্রী মোদীকে তাঁর প্রয়াত মায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ভিডিওতে মোদীর মা তাঁকে বিহারের রাজনীতির জন্য সমালোচনা করছেন, এমনটা দেখানো হয়েছিল। এই ভিডিওর বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয় এবং বিজেপি একে ‘লজ্জাজনক’ বলে আক্রমণ করে। নতুন এই ভিডিওটি আবারও একই ধরনের বিতর্কের জন্ম দিল।

অন্যদিকে, কংগ্রেসের এই বিতর্কিত ভিডিওর পাশাপাশি ‘#MyModiStory’ হ্যাশট্যাগটি প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রেন্ডিং হয়। এই হ্যাশট্যাগে অনেকেই তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ মোদীর সঙ্গে গুজরাটি থালি খাওয়ার মজার স্মৃতি শেয়ার করেছেন। অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণ মোদীর সাধারণ জীবন থেকে উঠে আসার লড়াইয়ের প্রশংসা করেছেন। ক্রিকেটার মহম্মদ সিরাজ ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল হারের পর ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক কথার কথা তুলে ধরেছেন, যা তাঁদের মনোবল জুগিয়েছিল। এক বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও মোদী ফোন করে দলকে অভিনন্দন জানিয়েছিলেন বলে সিরাজ উল্লেখ করেছেন।