জঙ্গলমহলের ‘পলাশ গাঁ’-তে নতুন করে পুজো! মহিলারা কেন দিলেন এমন উদ্যোগ?

একসময় হাতির ভয়ে পুজো থেকে দূরে থাকতেন জঙ্গলমহলের মহিলারা। এবার সেই ভয়কে জয় করে নিজেদের গ্রামেই দুর্গাপূজা করার উদ্যোগ নিলেন তারা। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়ি পাল থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের প্রায় ১৫০টি পরিবারের মহিলারা এই বছর প্রথম নিজেদের গ্রামে পুজো করতে চলেছেন। গ্রামের মহিলারা সারাদিন সংসার এবং বাকি কাজকর্ম সামলে বেরিয়েছেন চাঁদা তুলতে।
জঙ্গলমহল অধ্যুষিত এই গ্রামটিতে হাতির উপদ্রব প্রায় নিয়মিত ঘটনা। একসময় এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যেত। তাই গ্রামের কয়েক হাজার মানুষকে পুজোয় অংশ নিতে গেলে কয়েক কিলোমিটার দূরে অন্য গ্রামে যেতে হতো। পুজোয় অংশ নিলেও ফেরার পথে হাতির আতঙ্ক তাদের তাড়া করত। অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে।
কেন এই উদ্যোগ?
এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্রামের মহিলারা নিজেরাই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নেন। পুজো উদ্যোক্তা সুলেখা সিং এবং পূর্ণিমা ঘোষ বলেন, “এত বছর ধরে আমাদের গ্রামে পুজো হয়নি। তিন-চারটি গ্রাম পেরিয়ে পুজো দিতে যেতাম। একদিকে ছিল হাতির আতঙ্ক, অন্যদিকে ছিল ঘন জঙ্গল। আমরা দীর্ঘদিন সেই আতঙ্কেই দিন কাটিয়েছি।”
তাদের বক্তব্য, এই পুজো আয়োজনের মূল কারণ হলো হাতির ভয় থেকে মুক্তি এবং নিজেদের গ্রামে একটি উৎসবের পরিবেশ তৈরি করা। চাষবাস, মুরগি চাষ, শালপাতা তৈরিই তাদের প্রধান জীবিকা। নিজেদের উদ্যোগেই তারা এবার গ্রামের নাম বদলে ‘ভাদুলিয়া’ থেকে ‘পলাশ গাঁ’ রেখেছেন। নিজেদের গ্রামে প্রথম দুর্গাপূজার আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। তাদের এই পুজো স্মরণীয় হয়ে থাকবে বলে তারা মনে করেন।