ছোটবেলায় ইচ্ছা ছিল ‘বেকার’ হওয়ার! দাদাগিরিতে অম্বরীশের হাঁড়ি ভাঙলেন দেব, রইল অজানা গল্প

দাদাগিরির মঞ্চে দেবের সঙ্গে তারকাদের মেগা আড্ডা, আবেগ ও খুনসুটিতে জমজমাট শনিবারের বিশেষ পর্ব

ছোটপর্দার দর্শকদের জন্য শনিবারে থাকছে বড় চমক। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে বসতে চলেছে বিনোদন জগতের তারকাদের চাঁদের হাট। সঞ্চালক দেবের সঙ্গে আড্ডা, হাসি, কান্না এবং প্রতিযোগিতার আগুনে জমে উঠতে চলেছে আজকের বিশেষ পর্ব।

উত্তম কুমারের সঙ্গে তুলনা, আবেগে ভাসলেন দেব

এদিনের পর্বে সঞ্চালক দেবের মুখোমুখি হবেন জনপ্রিয় সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কথায় কথায় সুদীপা দেবকে বলেন, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে মহানায়ক উত্তম কুমারের মিল পায়।” এই প্রশংসায় মুহূর্তের মধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। স্মৃতিচারণ করে তিনি জানান, একসময় তিনি সুপ্রিয়া দেবীর বাড়ি গিয়েছিলেন এবং সুপ্রিয়া দেবীও ঠিক একই কথা বলেছিলেন। দেবের হাসির সঙ্গে নাকি মহানায়কের হাসির অদ্ভুত মিল রয়েছে! তবে বিনম্র দেব স্পষ্ট জানিয়ে দেন, “মহানায়ক উত্তম কুমার একজনই হন, তাঁর বিকল্প হয় না।”

দাদাগিরির মঞ্চে স্বামী-স্ত্রীর দ্বৈরথ!

এদিনের পর্বের অন্যতম আকর্ষণ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিভিন্ন বিতর্কের মেঘ কাটিয়ে কীভাবে তাঁরা আবার জীবনের মূল স্রোতে স্বাভাবিক হয়েছেন, সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন। যদিও বাস্তবে তাঁরা স্বামী-স্ত্রী, তবে দাদাগিরির মঞ্চে তাঁরা একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বী! ফলে খেলা চলাকালীন তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও মিষ্টি খুনসুটি দর্শকদের বিনোদনের পুরো মাত্রা দেবে।

বেকার হওয়ার ইচ্ছে থেকে সহকারী পরিচালক: উঠে এল একাধিক তারকাদের জীবনের সংগ্রাম

অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের জীবনের গল্প শুনে হাসির রোল ওঠে সেটে। ছোটবেলায় বড় হয়ে নাকি তিনি ‘বেকার’ হতে চেয়েছিলেন! তবে পরবর্তীতে কীভাবে অভিনয়জগতে তাঁর আগমন এবং জীবন বদলে যাওয়া—সেই মজাদার অথচ অনুপ্রেরণাদায়ক ইতিহাস শোনাবেন তিনি।

অন্যদিকে, সুদীপা নিজের হাতে তৈরি ‘বেকড চিকেন’ নিয়ে এসে চমকে দেবেন সবাইকে। আবার সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করে অভিনেত্রী হয়ে ওঠার সংগ্রামের গল্প শোনাবেন সংঘশ্রী সিনহা। কর্মজীবনের পাশাপাশি থিয়েটারের প্রতি ভালোবাসাকে টিকিয়ে রাখা অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন। দেবকে থিয়েটারের মঞ্চে অভিনয় করার জন্য খোলাখুলি আমন্ত্রণ জানান তিনি।

সব মিলিয়ে, গল্প, আড্ডা, প্রতিযোগিতা এবং দেবের সঙ্গে ‘এআই মশাই’-এর বিড়ম্বনা মিলিয়ে আজ রাত সাড়ে ৯টায় দাদাগিরির মঞ্চে ছোটপর্দার দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ধামাকাদার পর্ব।

Aditi Banik
  • Aditi Banik