ছিল না হ্যান্ডব্রেক! ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে মাঝগঙ্গায় তলিয়ে গেল আস্ত গাড়ি, আহত ৪

বৃহস্পতিবার সাতসকালে নিমতলা ঘাট (Nimtolaghat) এলাকায় গঙ্গায় একটি গাড়ি তলিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাদা রঙের ওয়ানগা গাড়িটি প্রায় মাঝগঙ্গায় ডুবে যাওয়ার পর থেকেই তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়িটি গঙ্গায় পড়ার ঘটনায় চারজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা?
বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকার স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখেন, একটি গাড়ি গঙ্গার ঢাল বেয়ে দ্রুত নামছে এবং ক্রমে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছে।
পরে জানা যায়, অমিত আগরওয়াল নামক এক ব্যক্তি তাঁর মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। গাড়িটি নিমতলা শ্মশানঘাটে দাঁড় করানো ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান: গাড়িতে হ্যান্ডব্রেক দেওয়া ছিল না। সেই কারণে ঢাল বেয়ে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়িটি আটকানোর চেষ্টা করলেও তা সোজা গঙ্গায় তলিয়ে যায়।
গাড়িতে কেউ না থাকলেও আহত ৪ জন
গাড়িটিতে চালক বা অন্য কোনো যাত্রী না থাকলেও, নিমতলা ঘাটে শুয়ে থাকা চারজন ব্যক্তি এই ঘটনার আকস্মিকতায় আহত হন। গাড়িটি দ্রুত ঘাটের দিকে নেমে যেতে থাকায় তাঁরা আঘাত পান। আহত চারজনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে ট্রাফিক গার্ড ও জোরবাগান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা শুরু করে। কীভাবে গাড়িটি পাড় থেকে এত দূরত্বে মাঝগঙ্গায় তলিয়ে গেল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।