‘ছিঃ বুদ্ধ ছিঃ’! সবচেয়ে বেশি খুন-ধর্ষণ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

হুগলির সাংসদ ও তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বামেদের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন। মঙ্গলবার শ্রীরামপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) সময়েই বাংলায় সবচেয়ে বেশি খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে।

‘ছিঃ বুদ্ধ ছিঃ’, পুরনো ইতিহাস টেনে আক্রমণ
বামপন্থীদের উদ্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে কিছু বামপন্থী বড় বড় কথা বলছে। তাদের অতীত কেউ ভুলে যায়নি। বাংলায় খুন-ধর্ষণ তাদের আমলেই বেশি হয়েছে। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সেটা হয়েছে সবচেয়ে বেশি।”

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েও কল্যাণ বলেন:

“ওর ছবি টাঙিয়ে যতই ইনটেলেকচুয়াল বলুন না কেন আমরা এখনও বলি ছিঃ বুদ্ধ ছিঃ। মারা গেছেন উনি শ্রদ্ধা করি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কদর্য ইতিহাস তৈরী করে গেছেন। তাঁর সময় পুলিশ সিপিএম-এর গোলাম হয়ে থাকত।”

শুভেন্দু অধিকারীকে চরম চ্যালেঞ্জ
বক্তৃতায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) কড়া ভাষায় আক্রমণ করেন এবং সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “২০২৬-এর ভোটে কত হাজার ভোটে তোমাকে হারতে হয় শুধু দেখে নিও। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছো। কত বড় নেতা?”

শুভেন্দুকে শ্রীরামপুর সংসদ এলাকার যেকোনো একটি আসনে দাঁড়িয়ে জেতার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কল্যাণ দাবি করেন, “আমি দাঁড়ালে তোমার জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দেবো।”

দুর্গাপুর কাণ্ডে সাম্প্রদায়িকতার বিরোধিতা
সম্প্রতি দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডকে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করেছেন অভিযোগ করে কল্যাণ তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “দুষ্কৃতীদের কোনও জাত ধর্ম হয় না। তারা দুষ্কৃতী।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারী শক্তির সম্মান রক্ষার উপর জোর দিয়ে বলেন, “কট্টোর হিন্দুও যেমন কট্টোর মুসলিমও তেমন। আপনি দেখিয়ে দিন এরকম কোন কট্টোর হিন্দু মহিলা আছে যে পুলিশকে ডেকে তার ভাইকে ধরিয়ে দিয়েছে। মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব পুরুষদের সবচেয়ে বেশি থাকে। মায়ের জাত, তাদের তো আগে সম্মান করতে হবে। নারী শক্তির সম্মান সবচেয়ে বড়।”