ছাদ থেকে বিলবোর্ড ভাঙার সেই ধুন্ধুমার কাণ্ড! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

খাস কলকাতার বুকে ক্যামাক স্ট্রিটের বিতর্কিত বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ডের জেরে ফের একবার আইনি জালে জড়াতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই মামলায় তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। আজ সকাল ঠিক ১১টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে তারকা সাংসদকে। এর আগে তাঁর কালীঘাট রোডের বাড়িতেও পৌঁছে গিয়েছিল শেক্সপিয়র সরণি থানা ও কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা।

ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। ওইদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় অফিস চত্বরে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও পুরসভার কর্মীরা কাজ করতে গেলে বাধা পান এবং তাঁদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ খোদ পুলিশ ছাদে উঠে ওই বিলবোর্ড ভেঙে ফেলে। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের মতো শীর্ষনেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাসহ একাধিক গুরুতর মামলা রুজু করা হয়।

আইনি এই জটিলতার মাঝেই গত ১ সেপ্টেম্বর একবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তদন্তের স্বার্থে পুলিশ এবার তাঁকে ফের তলব করল। সরকারি কাজকর্মে বাধা এবং সংঘর্ষের এই হাই-প্রোফাইল মামলায় পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি।