ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়ন! ৮ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ড কাঁপাতে ডিসি-এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির

ঝাড়খণ্ডে পরীক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশের কড়া পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল প্রধান বিরোধী দল বিজেপি। জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষার দাবিতে আন্দোলনরত প্রায় এক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চার দিনের রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে দল। আগামী ৮ সেপ্টেম্বর থেকে ঝাড়খণ্ডের সমস্ত জেলা সদরে ডিসি এবং এসপি কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি আদিত্য সাহু।

রাঁচিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদিত্য সাহু অভিযোগ করেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোয় শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার। পরীক্ষার্থীদের মনোবল ভাঙতে তাদের বাড়ি এবং কোচিং সেন্টারে পুলিশ পাঠানো হয়েছে। সরকারের এই দমনমূলক নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় তুলতে দল বাধ্য হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য হেমন্ত সোরেন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল বিজেপি। সেই সময়সীমা শেষ হওয়ার পরই বড় আন্দোলনের এই ঘোষণা এল। রাঁচি থেকে জামশেদপুর—রাজ্যের প্রতিটি প্রান্তে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একটানা চার দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কার্যালয় ঘেরাও করা হবে।

বিজেপির অভিযোগ, রাজ্য সরকার প্রকৃত অপরাধী ও মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নিশানা করছে। মহাজোটের নেতারা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে শিক্ষার্থীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলেও দাবি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ না করলে আন্দোলন আরও তীব্র রূপ নেবে এবং এর সমস্ত দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেছে দল।