অনেক টাকা তো কামালেন, এবার কি গুটখাই খাবেন? শাহরুখ-অজয়দের ওপর কেন মেজাজ হারালেন ‘শক্তিমান’?

পানমশলা এবং গুটখার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য বলিউড সুপারস্টার শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফকে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) শো-কজ নোটিশ পাঠানোর পরই ফুঁসে উঠলেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানালেও তাঁর সাফ কথা, এই সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যে ওই বিজ্ঞাপনগুলি থেকে কোটি কোটি টাকা পকেটে পুরে ফেলেছেন এই তারকারা।

পানমশলার বিজ্ঞাপনে ‘কেশরী’ শব্দের ব্যবহার নিয়ে তীব্র আপত্তি তুলে মুকেশ খান্না বলেন, যে শব্দটি মূলত সাহস, বীরত্ব ও লড়াইয়ের প্রতীক, তাকে কীভাবে এ ধরনের নেশাদ্রব্যের প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে? জনপ্রিয় অভিনেতারা এই ধরনের ক্ষতিকারক পণ্যের প্রচার করায় তরুণ সমাজ এবং শিশুরা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এর আগে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার এই ধরনের বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেও অন্য তারকারা কেন একই পথে হাঁটছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুকেশ। তারকাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে তাঁর এই কড়া মন্তব্য এখন গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

Pratik Saha
  • Pratik Saha