চলন্ত ট্রেনেই বিশ্বকর্মা পুজো! যাত্রীদের উদ্যোগে উৎসবের আমেজ শান্তিপুর লোকালে

প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সময়টায় শিল্পাঞ্চলের ছবিটা একইরকম থাকে। কারখানায় কারখানায় আয়োজন করা হয় পুজোর। কিন্তু এবার এক অন্যরকম ছবি ধরা পড়ল শান্তিপুরের ট্রেনে। কারখানার বদলে এবার চলন্ত ট্রেনের কামরাতেই আয়োজন করা হলো বিশ্বকর্মা পুজোর।
নিত্যযাত্রীরাই উদ্যোগ নিয়ে নিজেদের মধ্যে চাঁদা তুলে এই অভিনব পুজোর আয়োজন করেন। এক যাত্রী বলেন, ‘আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ট্রেনেই যাতায়াত করি। তাই এই ট্রেনটা আমাদের কাছে একটা ঘরের মতোই। তাই সবাই মিলে ঠিক করি, এখানেই পুজোটা করব।’
যেমন ভাবা তেমনি কাজ! কামরার মধ্যেই ডেকে আনা হয় পুরোহিতকে। শুরু হয় মন্ত্রপাঠ। ঢাকে কাঠি পড়ে, কাঁসর বাজিয়ে তৈরি করা হয় এক উৎসবের আবহ। পুজো শেষে যাত্রীদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের মেঝেতে একটি ছোট বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে তার চারপাশে ফুল, ফল ও অন্যান্য পুজোর সামগ্রী রাখা হয়েছে। যাত্রীরা একসাথে বসে ভক্তিভরে পুজো করছেন। ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন এবং এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।