চরম ট্রোলারদের এবার ফোন করলেন কুণাল ঘোষ! ‘বিটকেল গালমন্দ’ করা ভক্তের ঠিকুজি-কুষ্ঠী ফাঁস হতেই আকাশ থেকে পড়লেন তিনি!

সামাজিক মাধ্যমে রাজনীতিকদের নিয়ে সমালোচনার বন্যা স্বাভাবিক হলেও, এবার সেই ‘দুর্দান্ত সমালোচকদের’ খুঁজে বের করে সরাসরি ফোন করে পুজোর শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফেসবুকে যারা তাঁর পোস্টের নিচে দিনভর গালিগালাজ বা কুৎসা করেন, তাদের কাছে সরাসরি ফোন করে ‘আলাপ করার ইচ্ছা’ প্রকাশ করছেন এই তৃণমূল নেতা।

নিজের এক্স (X) হ্যান্ডেলে সেই কথোপকথনের একটি অংশ পোস্ট করেছেন কুণাল। ক্যাপশনে তিনি লেখেন, “ফেসবুকে যারা দিনভর আমার পোস্টে থাকে, বিটকেল গালমন্দ করে, ভাবে আমি খুঁজে পাবো না, তাঁদের পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করছি।”

ঠিকুজি-কুষ্ঠী ফাঁস করে কুণাল ধরতেই ফোনের ওপারে বিস্ময়
কুণাল ঘোষ তাঁর ফেসবুক ট্রোলারদের একেবারে ব্যক্তিগত তথ্য (ঠিকানা, বাবার নাম) বের করে এনে ফোনে ধরছেন। এদিন তিনি ডেবরার চন্দন দে-কে ফোন করে মিষ্টি গলায় বলেন:

কুণাল: “আপনি আমার ফেসবুক প্রোফাইলে এত অ্যাক্টিভ থাকেন, তাই আলাপ করতে ফোন করলাম। আপনি তো বেলদায় থাকেন। পুজোর শুভেচ্ছা জানাতে ফোন করলাম।”

স্বাভাবিকভাবেই ফোনের অপর প্রান্তের কণ্ঠে তখন চরম বিস্ময়! এই সময়ে কুণাল যখন নিজেকে “যে কুণাল ঘোষ টিভিতে আসেন” বলে পরিচয় দেন, তখন চন্দন দে কার্যত আকাশ থেকে পড়েন: “কুণাল ঘোষ মানে? যে কুণাল ঘোষ টিভিতে আসেন?”

কুণাল এরপর তাঁকে আরও চমকে দিয়ে বলেন, “হ্যাঁ, আপনি যার পোস্টে গিয়ে কমেন্ট করেন আমি সেই কুণাল ঘোষ। আমি শুধু আলাপ করতে ফোন করলাম। আপনার বাবার নাম গোপাল বাবু, আপনি ডেবরা থানার পাশে পাশে থাকেন!”

“পৃথিবীটা ছোট, খুঁজে বের করব না এটা ভাবার কারণ নেই”
নিজের নম্বর কীভাবে পেলেন, এই প্রশ্নে কুণাল ঘোষ যে জবাব দেন, তা কার্যত সব ট্রোলারদের উদ্দেশ্যেই কড়া বার্তা। তিনি বলেন, “পৃথিবীটা তো ছোট। আমাকে যারা অ্যাটাক করছে আমি তাঁদের খুঁজে বের করব না, এটা ভাবার কোনও কারণ নেই।”

তবে একইসঙ্গে তিনি সহনশীলতার বার্তা দিয়ে বলেন, “আমি কিন্তু বলছি না যে আপনি আমার বিরোধীতা করবেন না। একশো বার করবেন। আমি খুব স্পোর্টিংলি নিই ব্যাপারগুলো। যারা একটু বেশি কুৎসা করেন তাঁদের সঙ্গে আমার সরাসরি আলাপ করার ইচ্ছা আছে। তাঁদেরকে একটু চিনে রাখা। আমি চাই আমাকে তাঁরা চিনুক। হয়ত অনেকে ভুল ধারণা থেকে করে।”

পুজোর শুভেচ্ছা বিনিময় শেষে কুণাল ঘোষ বেলদায় গেলে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে ফোন রেখে দেন। তৃণমূল মুখপাত্রের ট্রোলারদের খুঁজে বের করে এই অভিনব ‘শুভেচ্ছা’ জানানোর ঘটনাটি সমাজ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।