ঘোড়া-গাড়ি নয়, সোজা JCB-তে চড়ে বরের গ্র্যান্ড এন্ট্রি! বিয়ের আসরে পাত্রের কাণ্ড দেখে হেসে লুটোপুটি নেটপাড়া

বিয়ে মানেই আজকাল আর শুধু আচার-অনুষ্ঠান নয়, এটি যেন এক গ্র্যান্ড ইভেন্ট। আর এই ইভেন্টে চমকপ্রদ এন্ট্রি (Grand Entry) দিয়ে ভাইরাল হচ্ছেন পাত্র-পাত্রীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পাত্রের ভিডিও ঝড় তুলেছে, যিনি ঘোড়া বা বিলাসবহুল গাড়িতে চড়ে নয়, একেবারে জেসিবি (JCB) মেশিনে চড়ে বিয়ের আসরে পৌঁছেছেন।

চমকে গেলেন নিমন্ত্রিতরা
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের জমকালো পোশাক এবং মাথায় পাগড়ি পরে ওই পাত্র জেসিবি মেশিনের সেই অংশে দাঁড়িয়ে আছেন, যেটি সাধারণত ময়লা তোলার কাজে ব্যবহার করা হয়। কিন্তু সেই অংশটিকেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।

বরের এই অভিনব এন্ট্রি দেখে নিমন্ত্রিতদের চোখ কার্যত ছানাবড়া! একনজরে দেখে মনে হচ্ছিল, এমন চমকের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। জেসিবি-তে চড়ে পাত্র সোজা ঢুকে পড়েন বিয়ের মণ্ডপে।

নেটিজেনদের মন্তব্য
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা পাত্রের এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন।

একজন মন্তব্য করেছেন, “একেই বলে গ্র্যান্ড এন্ট্রি।”

আরেকজন মজা করে লিখেছেন, “মেয়েরা যতটা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন, ছেলেরা ততটাই সহজ, সাধারণ থাকতে পছন্দ করেন।”

এক যুবক লিখেছেন, “পাত্র হয়তো সিভিল ইঞ্জিনিয়ার।”

আরেকজনের মন্তব্য, “পাত্র রকস, পাত্রী শকড!”

তবে এটিই প্রথম নয়। এর আগে গুজরাটের নভসারি এলাকাতেও এক পাত্র বুলডোজারে চেপে ব্যান্ড পার্টি সহযোগে বিয়ে করতে এসেছিলেন, যা নিয়েও তীব্র চর্চা হয়েছিল নেটদুনিয়ায়।