ঘূর্ণিঝড় ‘উইফার’-এর প্রভাব! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা, সাবধান করছে হাওয়া অফিস

উত্তর বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে এক নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘উইফা’-র (WIPHA) প্রভাব থেকেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্তই পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল, বৃহস্পতিবার (২৪শে জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে নামতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আর্দ্রতা থেকে অবিরাম বর্ষণ
আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। সারাদিনই ঘামে ভিজবে শরীর, তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং ‘ফিল লাইক’ টেম্পারেচার আরও বেশি মনে হবে। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, রাতে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) থেকে আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার (২৫শে জুলাই) নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি জারি থাকবে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির তীব্র আশঙ্কা রয়েছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে হালকা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
উইকেন্ডেও (শনি ও রবিবার) ভারী বৃষ্টি:
শনিবার (২৬শে জুলাই): পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
রবিবার (২৭শে জুলাই): দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার (২৮শে জুলাই): দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়া: অস্বস্তি ও বিক্ষিপ্ত বর্ষণ
উত্তরবঙ্গের ৮টি জেলাতেও আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
আজ, বুধবার (২৩শে জুলাই) এবং বৃহস্পতিবার (২৪শে জুলাই): একই ধরনের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে।
শুক্রবার (২৫শে জুলাই) থেকে রবিবার (২৭শে জুলাই): বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
উইকেন্ড (শনি ও রবিবার): আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
সোমবার (২৮শে জুলাই): জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সতর্কতা: মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধাজ্ঞা ও প্লাবনের আশঙ্কা
নিম্নচাপের কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। তাই ২৪শে জুলাই, বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধির এবং নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার আজকের আবহাওয়া:
আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং ‘ফিল লাইক’ টেম্পারেচার বেশি অনুভূত হবে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯২ শতাংশ।
সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।