গোপনীয়তা ক্ষুণ্ণ ও ‘মিডিয়া ট্রায়াল’! হাই কোর্টে গুরুত্ব না পেয়ে এবার চরম পদক্ষেপ অভিষেকের

মিডিয়া ট্রায়াল এবং তদন্তের গোপন নথি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া নিয়ে চরম ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সুনাম, ব্যক্তিগত মর্যাদা এবং গোপনীয়তার অধিকার রক্ষার আবেদন নিয়ে এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের এই তৃণমূল সাংসদ। আগামী সোমবারই শীর্ষ আদালতে এই হাই-ভোল্টেজ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাই কোর্টে মেলেনি আশানুরূপ সাড়াঘটনার সূত্রপাত, তাঁর বিরুদ্ধে চলা বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদের বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে। অভিষেক অভিযোগ তোলেন, এতে কেবল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, বরং নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াও ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। প্রথমে এই বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও জরুরি ভিত্তিতে মামলাটির শুনানি হয়নি। তালিকায় থাকা নির্দিষ্ট নিয়ম অনুসারেই শুনানির সিদ্ধান্ত নেন বিচারপতি। হাই কোর্ট থেকে দ্রুত স্বস্তি না পাওয়ায় শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন তিনি।

পুরনো নির্দেশিকার তোয়াক্কা না করার অভিযোগ মামলাকারীর যুক্তি, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের এক আদেশের পর, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফে তদন্তাধীন বিষয়ে সংবাদমাধ্যমের রিপোর্টিং নিয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছিল। অভিযোগ, সেই নির্দেশিকাকে তোয়াক্কা না করেই কয়েকটি সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থা সমন্বয় রেখে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য প্রকাশ্যে আনছে। এবার দেখার, আগামী সোমবারে শীর্ষ আদালত অভিষেকের এই আবেদনের জবাবে কী গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়।