গভীর সমুদ্রে রহস্য! জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করল বাংলাদেশি ট্রলার, আটক ১৩ মৎস্যজীবী

আবারও জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করল বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলার। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি সন্দেহজনক ট্রলার দেখতে পায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রলারটি বাংলাদেশ থেকে মাছ ধরতে বেরিয়ে জলসীমা পেরিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেছে।
সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, বঙ্গোপসাগরের ভারতীয় অংশে প্রবেশ করার পর উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করে এবং অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে।
আটক ট্রলারটির নাম ‘মায়ের দয়া’। এই ১৩ জন মৎস্যজীবীকে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এই ঘটনা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বাংলাদেশি ট্রলার জলসীমা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছে। কয়েকদিন আগেই ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীসহ একটি ট্রলার সুন্দরবনের ঘন জঙ্গল লাগোয়া এলাকা থেকে আটক করা হয়েছিল। বারবার কেন এই ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশি মৎস্যজীবীরা শুধু মাছ ধরতে আসছেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, সে বিষয়েও তদন্ত চলছে।