গঙ্গা দূষণ থেকে রাজমহল, শিল্পকলা ও পরিবেশ-বার্তায় তাক লাগাচ্ছে চিত্তরঞ্জন-রূপনারায়ণপুরের সেরা

রাজ্যজুড়ে এখন উৎসবের মরসুম! আকাশ মুখ ফেরাতেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। শহর থেকে জেলা, সর্বত্রই একই ছবি। তবে এবার থিমের বৈচিত্র্য আর পরিবেশ-সচেতনতার বার্তা দিয়ে নজর কেড়েছে চিত্তরঞ্জন এবং রূপনারায়ণপুরের কয়েকটি পুজো। ইটিভি ভারত-এর চোখ রাখল সেই সেরা মণ্ডপগুলিতে।

১. ছয়ের পল্লি: ৮০০০ চারাগাছ, ‘একটি গাছ, একটি প্রাণ’ থিমে পাতার পোশাকে মা দুর্গা!
চিত্তরঞ্জন শহরের অন্যতম সেরা আকর্ষণ এবার ছয়ের পল্লি সর্বজনীন দুর্গাপুজো, যা এ বছর ৭৪তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম— ‘একটি গাছ, একটি প্রাণ’। কিন্তু এই পুজো কেন এত স্পেশাল?

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে প্রায় ছয় মাস আগে থেকে! বাজার থেকে কেনা নয়, একেবারে বীজ রোপণ করে চারাগাছ তৈরি করা হয়। এই ৬ মাস ধরে তাদের পরিচর্যা করেই মণ্ডপ তৈরি হয়েছে। প্রায় ৮ থেকে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ।

সবচেয়ে বড় চমকটি হল প্রতিমায়। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে মা দুর্গা ও তাঁর পরিবারের সবার পরনে পাতার তৈরি পোশাক!

পুজো কমিটির সদস্য সুপ্রিয় বিশ্বাস জানান, “প্রকৃতির রোষানলে জনজীবন যেভাবে বিপর্যস্ত, সেখান থেকেই মানুষকে গাছ লাগানোর বার্তা দিতেই আমাদের এই থিম। মণ্ডপে এমন কিছু ব্যবহার করা হয়নি যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আরও আনন্দের খবর হলো, পুজো শেষ হয়ে গেলে এই গাছগুলি চিত্তরঞ্জন শহরের বাসিন্দাদের মধ্যে বিলি করা হবে!”

২. পাঁচের পল্লি: ‘গঙ্গা দূষণের প্রতিরোধ’ থিমে বেনারসের ঘাট থেকে বর্জ্যের স্তূপ!
চিত্তরঞ্জনের পাঁচের পল্লি বা এরিয়া ফাইভের সর্বজনীন দুর্গাপুজো এবার তাদের ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম— ‘গঙ্গা দূষণের প্রতিরোধ’। মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা চমকে যাচ্ছেন এক অভিনব দৃশ্যে!

মণ্ডপের মাঝখানে একটি টেরাস এবং দু’পাশে সম্পূর্ণ ভিন্ন দুটি ছবি তুলে ধরা হয়েছে। একদিকে রয়েছে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটের পবিত্র দৃশ্য— যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে এবং প্রচুর মানুষের ভিড়। অন্য দিকে, ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গা দূষণের ভয়ঙ্কর রূপ! সেখানে প্রতিমা-সহ অন্যান্য বর্জ্য ও কলকারখানার বজ্র পদার্থ গঙ্গায় পড়ার দৃশ্য দেখানো হয়েছে, যা দর্শকদের পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করছে।

পুজো কমিটির পক্ষ থেকে নেপাল চক্রবর্তী বলেন, “আমরা শুধু গঙ্গাকে নয়, ভারতের সমস্ত নদীকে এই দূষণ থেকে মুক্তি দিতে চাই। মানুষ সচেতন হোক, এটাই আমাদের বার্তা।”

৩. রূপনারায়ণপুর দেশবন্ধু পার্ক: আলোর রোশনাইয়ে চোখ ধাঁধানো ‘রাজমহল’!
চিত্তরঞ্জনের পাশেই রূপনারায়ণপুর শহরের দেশবন্ধু পার্কের পুজো বরাবরের মতোই এবারও নজর কেড়েছে। এই পুজোর প্রধান আকর্ষণ হলো এর জমকালো আলো এবং বিশাল মণ্ডপ!

এ বছর তাদের থিম— ‘রাজমহল’। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে সুবিশাল মণ্ডপ। মণ্ডপের ভেতরে এবং বাইরে অতিরিক্ত পরিমাণে আলোর ব্যবহার করা হয়েছে, যা দূর থেকেও দর্শনার্থীদের আকর্ষণ করছে। এটি তাদের ৩২তম বর্ষ।

পুজো উদ্যোক্তারা জানান, “আলোর টানেই চিরকাল মানুষ দেশবন্ধু পার্কের পুজো দেখতে আসেন। এ বছরও সুবিশাল মণ্ডপের সঙ্গে আলোর রোশনাইয়ে ভরিয়ে তোলা হয়েছে।”

চিত্তরঞ্জন ও রূপনারায়ণপুরের এই পুজো মণ্ডপগুলি একদিকে যেমন থিমের চমক দেখাচ্ছে, তেমনই অন্যদিকে পরিবেশ ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।