গগনচুম্বী দুর্গা আসছে ঘাটালে! বন্যার পর উৎসবের জোয়ারে ভাসতে তৈরি গোবিন্দপুর

এবারের দুর্গাপূজায় ঘাটালের গোবিন্দপুর নজির গড়তে চলেছে। গোবিন্দপুর গ্রামবাসীবৃন্দের উদ্যোগে সর্বজনীন দুর্গোৎসবে তৈরি হচ্ছে ৭২ ফুটের বিশাল দুর্গাপ্রতিমা, যা ঘাটাল মহকুমার ইতিহাসে সবচেয়ে বড় দুর্গা। এই অনন্য থিম এবং বাজেট দেখে দর্শনার্থীদের আগ্রহ এখন থেকেই তুঙ্গে।
পুজো কমিটির সদস্যরা জানান, কয়েক বছর আগে কলকাতার একটি বিখ্যাত পুজো কমিটি ৭২ ফুটের বেশি উঁচু প্রতিমা বানিয়েছিল, যা সারা রাজ্যে সাড়া ফেলে দেয়। ঘাটালের মানুষেরা সেই প্রতিমা দেখতে যেতে পারেননি। সেই আফসোস থেকেই তাদের মনে এই বিশাল প্রতিমা তৈরির ভাবনা আসে। যেমন ভাবা তেমন কাজ! প্রায় ২৪ লক্ষ টাকার বাজেটে গোবিন্দপুরের ১৭ নম্বর ওয়ার্ডে এখন চলছে বিশাল দুর্গা তৈরির কাজ।
এই বিশাল প্রতিমা দেখতে এখন থেকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। পুজো কমিটির আশা, এবারের পুজো মণ্ডপে জনসমুদ্র উপচে পড়বে। এই ভিড় সামাল দিতে এবং দর্শনার্থীদের সুরক্ষার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র প্রতিমাই নয়, থাকছে লেজার শো-এর মতো আধুনিক ব্যবস্থাও।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ৭২ ফুটের দুর্গার খবর ভাইরাল হয়েছে। বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়কে পিছনে ফেলে এই ধরনের একটি উদ্যোগ ঘাটালের মানুষের মধ্যে উৎসবের এক নতুন উদ্দীপনা এনে দিয়েছে। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। ঢাকের কাঠি পড়ার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো কমিটি।