খোরপোশে BMW গাড়ি, বিলাসবহুল বাড়ি ও ১২কোটির দাবি স্ত্রীর! বিচারপতি বললেন, “রোজগার করে খান”

বিবাহবিচ্ছেদের পর স্বামীর কাছে খোরপোশ হিসেবে বিএমডাব্লু গাড়ি, একটি বিলাসবহুল বাড়ি এবং ১২ কোটি টাকা দাবি করে এক মহিলা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া মন্তব্যের মুখে পড়লেন। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, উচ্চশিক্ষিত মহিলাদের নিজেদের উপার্জনের উপর নির্ভর করা উচিত, স্বামীর কাছে খোরপোশ চাওয়া নয়।

মামলার প্রেক্ষাপট
ঘটনাটি মুম্বাইয়ের। এক দম্পতির বিয়ের মাত্র ১৮ মাসের মাথায় স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন। তাঁর অভিযোগ ছিল যে, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। শেষ পর্যন্ত তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, কিন্তু খোরপোশের মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

মঙ্গলবার সেই মামলার শুনানির সময় ওই মহিলা খোরপোশ হিসেবে স্বামীর কাছ থেকে ১২ কোটি টাকা, একটি বিএমডাব্লু গাড়ি এবং একটি বিলাসবহুল বাড়ির দাবি জানান।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ
মহিলার এই দাবি শুনে প্রধান বিচারপতি বিআর গাভাই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনি উচ্চশিক্ষিত। এমবিএ পড়েছেন। এমনকি তথ্যপ্রযুক্তি সংস্থায় আগে কাজও করেছেন। আপনি চাইলে এখন আবার উপার্জন করতে পারবেন।”

প্রধান বিচারপতি আরও বলেন, “বিয়ের মাত্র ১৮ মাস পর আপনার বিচ্ছেদ হয়েছে। এখন আপনার বিএমডাব্লু চাই!”

নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে মহিলা বলেন, “আমার স্বামী খুব ধনী। ইচ্ছাকৃতভাবে তিনি আমাদের সম্পর্ক ভেঙেছেন এবং আমাকে মানসিক ভারসাম্যহীন বলেছেন। আপনি বলুন, আমাকে দেখে কি মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে?”

এই জবাবে প্রধান বিচারপতি বলেন, “হয় আপনি একটি ফ্ল্যাট পাবেন, না হলে কিছু পাবেন না। আপনি উচ্চ শিক্ষিত। নিজের ইচ্ছায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।”

মঙ্গলবার মামলাটির শুনানি শেষ হলেও আদালত রায়দান স্থগিত রেখেছে। এই ঘটনাটি বিবাহবিচ্ছেদের পর খোরপোশ এবং মহিলাদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে।