খুনের বদলা খুন, বাসুদেবপুরে উদ্ধার হল দ্বিতীয় মৃতদেহ! প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিস্ফোরক অভিযোগ

গত শনিবার শ্যামনগরের বাসুদেবপুর থানার উচ্ছেগড় এলাকায় মাংস বিক্রেতা মোঃ কামাল উদ্দিন ওরফে হীরা কুরেশি-কে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই জায়গা থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এই দ্বিতীয় মৃতদেহটি শেখ সাব্বির ওরফে সাহেব নামের এক ব্যক্তির, যিনি প্রথম খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে শনিবার একটি কালভার্টের নিচে সাহেব-এর পচাগলা দেহ পাওয়া যায়। পুলিশ এর আগে প্রথম খুনের ঘটনায় শেখ ঝন্টু এবং শেখ পিন্টুকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদের সময় সাহেব-এর নাম উঠে আসে। এবার সেই সাহেব-এরই মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, এই দুটি খুনই করিয়েছেন তৃণমূল নেতা শওকত আলী, যিনি ভাটপাড়া থানার আইসির স্নেহধন্য। অর্জুন সিংয়ের মতে, প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং পুলিশ শওকতকে বাঁচানোর চেষ্টা করছে।
তিনি ভাটপাড়া থানার আইসির সঙ্গে শওকতের কেক কাটার ছবি দেখিয়ে তার অভিযোগের সপক্ষে প্রমাণ দেন। এর ফলে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, “আইন আইনের পথেই চলবে। কে দোষী আর কে নির্দোষ তা পুলিশই বিচার করবে।”