‘ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ আমি বুঝতে পারছি,’ দিল্লি বিস্ফোরণ নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে নিশ্চিত করেছেন যে, এই ঘটনার পিছনে থাকা ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না।
মঙ্গলবার এই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দিল্লির বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখ আমি বুঝতে পারছি।” এই ধরনের ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন করার জন্য তিনি তদন্তকারী সংস্থাগুলির উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের সংস্থাগুলি এই ষড়যন্ত্রের গভীরে পৌঁছাবে। এর পিছনের ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না।” প্রধানমন্ত্রীর এই কড়া বার্তা থেকে স্পষ্ট, সরকার এই জঙ্গি হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে।