কেন পাকিস্তানের সঙ্গে হাত মেলালেন না সূর্য? জয় ভারতীয় সেনাকে উৎসর্গ ভারত অধিনায়কের

সম্প্রতি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের এক ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের পর থেকেই নতুন একটি বিতর্ক জন্ম নিয়েছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবেসহ ভারতীয় খেলোয়াড়রা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এমনকি টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদব।
পাকিস্তানি কোচের ক্ষোভ
এই ঘটনার পর পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা করমর্দনের জন্য অপেক্ষা করলেও ভারতীয় দল সরাসরি ড্রেসিংরুমে ফিরে যায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, তাঁরা ভারতীয় দলের এমন আচরণে হতাশ। তিনি বলেন, ‘আমরা ম্যাচ শেষে করমর্দন করতে আগ্রহী ছিলাম। কিন্তু তা হয়নি। আমাদের প্রতিপক্ষ হাত মেলায়নি, যা হতাশাজনক। আমরা যখন হাত মেলাতে গিয়েছিলাম, তখন তারা ইতিমধ্যেই চেঞ্জিং রুমে চলে গিয়েছিল। এই কারণে আমাদের অধিনায়ক ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যাননি।’
ভারতীয় অধিনায়কের বক্তব্য
অন্যদিকে, এই বিষয়ে ভারতীয় দলের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানান, ‘আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।’
সূর্যের এই বক্তব্য থেকে স্পষ্ট, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখন কেবল খেলার মাঠের মধ্যে সীমাবদ্ধ। ম্যাচ শেষে ভারতীয় সেনাকে এই জয় উৎসর্গ করেন সূর্যকুমার। তিনি বলেন, “পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে।”