কীর্তনের রাত থেকে নিখোঁজ, ডোবায় মিলল যুবকের দেহ, রহস্য ঘনীভূত ঘটনায়

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো দিনহাটা শহর সংলগ্ন পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের গ্যাস গোডাউন এলাকার একটি জলাশয় থেকে। শুক্রবার দুপুরে স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দিনহাটা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং মৃতের পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুমন সূত্রধর, বয়স ৩২ বছর। তার বাড়ি পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের গ্যাস গোডাউন এলাকাতেই। গত বুধবার তার বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কীর্তনের আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, কীর্তন চলাকালীন সন্ধ্যা ৭টা নাগাদ সুমন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সুমনের দাদা রতন সূত্রধর দিনহাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পরিবারের সদস্যদের অনুমান ছিল, বাড়ির কাছেই ওই জলাশয়ে সুমন হয়তো কোনওভাবে পড়ে গিয়ে থাকতে পারে। এই আশঙ্কায় তারা দিনহাটা থানায় ডুবুরি চেয়েও আবেদন জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত কোনও ডুবুরি না আসায়, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুমনের দাদা রতন সূত্রধর নিজেই কচুরিপানায় ভরা ওই জলাশয়ে নামেন। পানা সরাতে সরাতেই তিনি তার ভাইয়ের মৃতদেহ ভেসে থাকতে দেখেন।

সুমনের কাকিমা ভারতী সূত্রধর জানান, সুমনের নেশা করার প্রবণতা ছিল। যদিও, এই নেশা তার মৃত্যুর কারণ কিনা, তা এখনও স্পষ্ট নয়। মৃত সুমনের দাদা রতন সূত্রধর হতাশা ও উদ্বেগের সঙ্গে বলেন, “সকাল পর্যন্ত ডুবুরি না আসায় বাধ্য হয়ে নিজেই ভাইকে খুঁজতে জলে নামি। পানা সরাতেই ভাইয়ের দেহ ভেসে ওঠে। কিন্তু কীভাবে ভাই জলে পড়ল, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। এখন এটা নিছকই দুর্ঘটনা, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে, তা নিয়ে সকলের মনেই ধন্দ তৈরি হয়েছে।”

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিনহাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি, সুমন কীভাবে জলে পড়ল, তা দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এই রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।