কাল থেকেই টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! এটিএম পরিষেবা নিয়ে যে বড় বিপদের ঘণ্টা বাজল, দ্রুত জেনে নিন

সপ্তাহের শেষ কাজের দিন অর্থাৎ শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। সরকারি ছুটির দিন শনিবার ও রবিবার যুক্ত হওয়ায় চলতি সপ্তাহে টানা তিন দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ও ব্যাংকিং পরিষেবা পেতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে।
ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সাতটি প্রধান সংগঠনের যৌথ মঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে শুধু সরকারি ব্যাঙ্কই নয়, বেসরকারি ব্যাঙ্কের পরিষেবাতেও বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে এটিএমগুলিতে নিয়মিত নগদ টাকা ভরার কাজেও ব্যাঘাত ঘটতে পারে। এই পরিস্থিতিতে গ্রাহকদের জরুরি প্রয়োজনে এখনই নগদ টাকা তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রধানত প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু করার দাবি নিয়েই এই আন্দোলনের সূত্রপাত। ২০২৪ সালে পাঁচ দিনের সপ্তাহ নিয়ে চুক্তি হলেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদন না মেলায় কর্মী মহলে ক্ষোভ বাড়ছে। এর পরিবর্তে প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজের প্রস্তাব দেওয়া হলেও এখনও তা ঝুলে রয়েছে। শুধু তাই নয়, এই দাবি পূরণ না হলে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর এবং পরবর্তীতে ২৬ অক্টোবর থেকে আরও লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছে কর্মী সংগঠনগুলি।