কার্তিক-জাহ্নবীর বদলে ‘দোস্তানা ২’তে বিক্রান্ত ম্যাসি ও নতুন মুখ! কে সেই অভিনেত্রী?
বহুল আলোচিত ছবি ‘দোস্তানা ২’-এর কাস্টিং নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তিনি নিশ্চিত করেছেন যে, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। ‘দোস্তানা ২’ প্রথমে কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং লক্ষ্যকে নিয়ে শুরু হয়েছিল, তবে পরে সম্পূর্ণ কাস্টিং পরিবর্তন করা হয়। এখন বিক্রান্ত ম্যাসি ও লক্ষ্য প্রধান ভূমিকায় থাকছেন। এই ছবির মাধ্যমে বিক্রান্ত ম্যাসিকে এক নতুন অবতারে দেখতে পাবেন দর্শকরা।
নিজের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিক্রান্ত ম্যাসি বলেন, “আপনারা শীঘ্রই আমাকে ভিন্ন এবং নতুন রূপে দেখতে পাবেন। আমার মনে হয় খবরটা আগেই এসেছে। আমি জানি না কেন আমি এটা নিয়ে কথা বলছি না। আমি ‘দোস্তানা ২’ করছি। আমি আমার প্রথম ধর্মা ফিল্ম করছি।” তিনি আরও বলেন, “এই ছবিতে আমাকে ভালো ডিজাইনার পোশাকে এবং ফ্যান্সি সানগ্লাসে দেখা যাবে। করণ স্যার নিশ্চিত করেছেন যে আমি যেন ভালো পোশাক পরি। এই ছবির শুটিং ইউরোপে হচ্ছে।”
ছবির নারী প্রধান চরিত্রের বিষয়ে জানতে চাইলে বিক্রান্ত ম্যাসি বলেন, “আমি মনে করি এটা আমার বলা উচিত নয়। করণ স্যারই এটা ঘোষণা করলে ভালো হবে। কারণ এটাও একটি বড় ঘোষণা।” তবে তিনি তার সহ-অভিনেতা লক্ষ্যর ভূমিকা নিশ্চিত করেছেন। লক্ষ্য সম্প্রতি আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ দেখা গেছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘দোস্তানা ২’-এর নির্মাতারা একজন নতুন অভিনেত্রীকে এই ছবিতে প্রধান নারী চরিত্রে কাস্ট করার পরিকল্পনা করছেন। ছবির শুটিং ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হতে পারে এবং এটি একই বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।