কাটমানি সংস্কৃতি বন্ধের হুঙ্কার! দুর্গাপুরে শ্রমিক বিক্ষোভ থেকে তৃণমূলকে তুলোধনা বিধায়ক চন্দ্রশেখরের

শ্রম আইন কার্যকর করার দাবিতে এবং শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে আসরে নামল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। বৃহস্পতিবার দুর্গাপুরের এবিএলের একটি বেসরকারি কারখানার গেটের সামনে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে দাবি করেন, কালীঘাটপন্থী তৃণমূল নেতা-নেত্রীরা মূলত মাওবাদী মানসিকতার এবং তাঁরা অতীতে সিপিআইএমের ছাতা ধরে থাকলেও বর্তমানে তৃণমূলের পরিচয়ে শ্রমিকদের সর্বস্ব লুটে খাচ্ছেন।
বৃহস্পতিবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ও বিএমএসের একাধিক শীর্ষ নেতা-কর্মী এবং শত শত শ্রমিক। মূলত শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান, সমান কাজের জন্য সমান বেতন সুনিশ্চিত করা এবং কেন্দ্রীয় শ্রম কোড কঠোরভাবে কার্যকর করার দাবিতে এই সভার আয়োজন করা হয়েছিল। সভার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, “দোলা সেন, পূর্ণেন্দু বসুরা আসলে মাওবাদী। এরা কখনও সিপিআইএম, আবার কখনও তৃণমূলের চটি পায়ে গলিয়েছে। এই মাওবাদীরা বছরের পর বছর ধরে সাধারণ শ্রমিক ও কারখানার মালিকদের মুখের গ্রাস কেড়ে খেয়েছেন।”
এদিনের সভা থেকে তীব্র ভাষায় কাটমানি সংস্কৃতিকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তিনি হুঙ্কার দিয়ে জানান যে, এতদিন দুর্গাপুরের বিভিন্ন কারখানা থেকে দেদার কাটমানি লুটে নেওয়া হয়েছে, কিন্তু এবার থেকে কারখানার গেটের বাইরে আর কোনও বিশেষ শ্রমিক সংগঠনের অবৈধ কার্যালয় থাকতে দেওয়া হবে না। সমস্ত শ্রমিককে তাঁদের প্রাপ্য এবং ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রবর্তিত নতুন শ্রম কোড এই কারখানাতেও অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি তোলেন তিনি। তাঁর স্পষ্ট কথা, কোনও শ্রমিককে বঞ্চিত করা চলবে না এবং সমকাজের সমবেতন নিশ্চিত করতে হবে।
এদিকে, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়কের এই বিস্ফোরক ও আক্রমণাত্মক মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার জন্য তৃণমূল সাংসদ দোলা সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত নির্বিকারভাবে বিষয়টি এড়িয়ে যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কে এই চন্দ্রশেখর? যাঁর তাঁর এমন উল্টোপাল্টা কথার জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এই বিষয়ে আমার বিন্দুমাত্র কিছু বলার নেই, নো কমেন্টস।”