কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন টিএস শিবাজ্ঞানম, কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি?

আগামীকাল, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করছেন বিচারপতি টিএস শিবাজ্ঞানম। দীর্ঘ কর্মজীবনের পর তাঁর বিদায় উপলক্ষে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিচারপতি, আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

কে এই বিচারপতি শিবাজ্ঞানম?

২০২১ সালের ২৫ অক্টোবর মাদ্রাজ হাইকোর্ট থেকে বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে আসেন টিএস শিবাজ্ঞানম। এরপর ২০২৩ সালের ১১ মে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করেছিল। তাঁর বিচারপর্বে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।

রাজ্য ও কেন্দ্রের কড়া সমালোচক

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন বিচারপতি শিবাজ্ঞানম একাধিকবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন। রাজ্যের বিভিন্ন দফতরে স্বল্প বেতনের চুক্তিভিত্তিক কর্মচারীদের দিয়ে কাজ করানোর জন্য তিনি রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। একইসঙ্গে হাইকোর্ট ও নিম্ন আদালতগুলিতে পর্যাপ্ত কর্মীর অভাব নিয়েও তিনি সরব হয়েছিলেন। ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকেও তিনি ভর্ৎসনা করতে ছাড়েননি।

জনস্বার্থ মামলা থেকে কেন সরেছিলেন?

প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম জনস্বার্থ মামলা নিয়ে কার্যত বিরক্ত ছিলেন। এর ফলে তিনি নিজের বেঞ্চ থেকে এই ধরনের মামলাগুলো সরিয়ে দিয়েছিলেন। বর্তমানে নবনিযুক্ত বিচারপতি সুজয় পালের বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি চলছে।

কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি?

বিচারপতি শিবাজ্ঞানমের অবসরের পর কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের অনুমান, বিচারপতি সুজয় পাল এই পদে নিযুক্ত হতে পারেন।