করলার বীজ খাওয়া কি নিরাপদ? জেনে নিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

করলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি, কিন্তু এর তেতো স্বাদের পাশাপাশি এর বীজের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। করলার বীজ খাওয়া কি নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক।

করলার বীজে কী থাকে?
করলার বীজে মোমরডিসিন ও লেকটিন নামক উপাদান থাকে, যা বেশি পরিমাণে খেলে শরীরে বিষক্রিয়ার মতো প্রভাব ফেলতে পারে। এর ফলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া, মাথা ঘোরা ও দুর্বলতা বোধ হতে পারে। কিছু ক্ষেত্রে জন্ডিসের মতো লক্ষণও দেখা দিতে পারে, যেমন চোখ ও প্রস্রাব হলুদ হয়ে যাওয়া।

কার জন্য এটি ক্ষতিকর?
গর্ভবতী মহিলা: করলার বীজ জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। তাই গর্ভবতী মহিলাদের এটি সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।

শিশু: শিশুদের জন্যও করলার বীজ নিরাপদ নয়। এটি খেলে তাদের তীব্র বমি ও পেট খারাপ হতে পারে।

রক্তে শর্করার ওপর প্রভাব
যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং নিয়মিত ওষুধ খান, তাদের জন্য করলার বীজ মারাত্মক হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে অনেক কমিয়ে দিতে পারে, যা হাইপোগ্লাইসেমিয়া নামক অবস্থার সৃষ্টি করে।

বিশেষজ্ঞদের মতে, রান্নার আগে করলার শক্ত বীজগুলো ফেলে দেওয়াই সবচেয়ে নিরাপদ। রান্নার সময় তরকারির সঙ্গে দু-একটা বীজ পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না, কিন্তু বেশি পরিমাণে কাঁচা বা আধা-পাকা বীজ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই, সুস্থ থাকতে বীজ বাদ দিয়ে করলা খাওয়া বুদ্ধিমানের কাজ।