এসবিআই এফডিতে বাম্পার রিটার্ন! ১ বছরের ফিক্সড ডিপোসিটে কত সুদ দিচ্ছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক?

নিরাপদে টাকা জমানোর পাশাপাশি নিশ্চিত আয়ের ভরসা হিসেবে দেশের কোটি কোটি মানুষ এখনও ফিক্সড ডিপোজিট বা এফডি-র ওপরেই সবচেয়ে বেশি আস্থা রাখেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের আকর্ষণীয় এফডি স্কিম অফার করে থাকে। গ্রাহকদের বয়স এবং আমানতের মেয়াদের ওপর ভিত্তি করে এই সুদের হার নির্ধারিত হয়। বর্তমানে এসবিআইয়ের এফডিতে সামগ্রিকভাবে ৩.০৫ শতাংশ থেকে শুরু করে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। তবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের মধ্যে ১ বছরের এফডির সুদের হার নিয়ে সবথেকে বেশি কৌতূহল লক্ষ্য করা যায়।

৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের এফডিতে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৬.২৫ শতাংশ। অর্থাৎ, কোনো সাধারণ নাগরিক যদি এক বছরের জন্য এসবিআইয়ে টাকা রাখেন, তবে তিনি এই নির্দিষ্ট হারে সুদ লাভ করবেন। তবে ৫৯ বছর পর্যন্ত বয়সের সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের বিশেষ সুবিধা প্রদান করে থাকে ব্যাঙ্ক। ষাট বছর বা তার বেশি বয়সি গ্রাহকরা ১ বছরের এফডিতে পেয়ে থাকেন ৬.৭৫ শতাংশ হারে সুদ, যা সাধারণ গ্রাহকদের তুলনায় ঠিক ০.৫০ শতাংশ বেশি।

শুধু তাই নয়, দেশের প্রবীণতম নাগরিকদের জন্য আরও এক ধাপ এগিয়ে বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে এসবিআই। ৮০ বছর বা তার বেশি বয়সি ‘সুপার সিনিয়র সিটিজেন’দের জন্য ১ বছরের এফডিতে সুদের হার আরও কিছুটা বাড়িয়ে ৬.৮৫ শতাংশ করা হয়েছে। এর ফলে সাধারণ প্রবীণ নাগরিকদের তুলনায় তাঁরা অতিরিক্ত আরও ০.১০ শতাংশ বেশি মুনাফা ঘরে তুলতে পারেন।

এসবিআইয়ের বর্তমান সুদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, ৭ থেকে ৪৫ দিনের এফডিতে সাধারণ গ্রাহকরা ৩.০৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের ক্ষেত্রে ৪.৯০ শতাংশ এবং ১৮০ থেকে ২১০ দিনের আমানতে ৫.৬৫ শতাংশ সুদ পেয়ে থাকেন। এছাড়া ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের জন্য ৫.৯০ শতাংশ, দুই থেকে তিন বছরের কম মেয়াদের জন্য ৬.৪০ শতাংশ এবং ৫ থেকে ১০ বছরের দীর্ঘ মেয়াদী এফডিতে ৬.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। তবে যেকোনো মেয়াদের এফডিতে বিনিয়োগ করার আগে ব্যাঙ্কের বর্তমান শর্তাবলি এবং সুদের হার ভালোভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।