এয়ার ইন্ডিয়ার চরম ভুলেই উবে গেল ইমিগ্রেশন! চেকিং ছাড়াই তিন বিদেশি সোজা বিমানে উড়ে যেতেই হুলুস্থুল

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘটনা। কোনো রকম ইমিগ্রেশন বা অভিবাসন পরীক্ষা ছাড়াই তিনজন ইতালীয় নাগরিক দিল্লি থেকে সরাসরি মিউনিখগামী বিমানে চড়ে উড়ে গিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর সকালে লুফৎহানসার এলএইচ-৭৬৩ ফ্লাইটে এই ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর নিরাপত্তা ত্রুটির জেরে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে স্পষ্ট জবাব তলব করা হয়েছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, ওই তিন যাত্রী এয়ার ইন্ডিয়ার এআই-১১১৫ ফ্লাইটে করে গভীর রাতে অমৃতসর থেকে দিল্লিতে আসেন। নিয়ম অনুযায়ী তাঁদের আন্তর্জাতিক যাত্রী হিসেবে চিহ্নিত করে আলাদাভাবে ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য পাঠানো উচিত ছিল। কিন্তু এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফদের চরম অবহেলায় তাঁদের সোজা আন্তর্জাতিক স্থানান্তর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁরা কোনো ধরনের ইমিগ্রেশন চেকপয়েন্ট পার না করেই লুফৎহানসার ফ্লাইটে বোর্ডিং করে ফেলেন। মূলত এয়ার ইন্ডিয়ার ‘হাব-অ্যান্ড-স্পোক’ মডেলের অপব্যবহার এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ভুলবশত দেওয়া ‘ডি’ বোর্ডিং পাসের কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে।
উল্লেখ্য, অমৃতসর বিমানবন্দরটি এমন একটি বিমানবন্দর যেখানে এয়ার ইন্ডিয়ার এই মডেল কার্যকর রয়েছে। নিয়ম অনুযায়ী এই ব্যবস্থায় যাত্রীদের প্রাথমিক বিমানবন্দর থেকেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা থাকলেও, এক্ষেত্রে অমৃতসর থেকেই পরবর্তী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়েছিল যা পুরোপুরি নিয়মবিরুদ্ধ। এয়ার ইন্ডিয়া এবং লুফৎহানসার মধ্যে একটি ‘ইন্টারলাইন’ অংশীদারিত্ব থাকার কারণে এই বিপত্তি আরও সহজে ঘটে গেছে।
এই চরম নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ওপর ভারী আর্থিক জরিমানা আরোপ করতে পারে। এমনকি বারবার এই ধরনের ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট রুট বা লাইসেন্স পর্যন্ত স্থগিত বা বাতিল করার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এর পাশাপাশি গাফিলতির দায়ে দায়ী গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি ও এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার জোরালো সম্ভাবনা রয়েছে। এই ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে বিমান পরিবহণ মন্ত্রক, ইন্টেলিজেন্স ব্যুরো, এয়ার ইন্ডিয়া ও দিল্লি বিমানবন্দরের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন।