এনডিএ জোটে বড় ফাটল! সংরক্ষণের বচসায় রক্তগরম দুই কেন্দ্রীয় মন্ত্রীর, যা ঘটল জানলে চমকে যাবেন

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল চরম আকারে। সংরক্ষণ নীতি ও উপশ্রেণি গঠন নিয়ে মতবিরোধের জেরে দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি ও চিরাগ পাসোয়ানের মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একে অপরের বিরুদ্ধে সরাসরি পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা, যা নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিবাদের সূত্রপাত যেভাবে:
দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভের পর দেশজুড়ে সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। সেই আবহেই হিন্দুস্তানি আওয়ামি মোর্চা (HAM) প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির দল এবং তাঁর ছেলে সন্তোষ কুমার সুমন সংরক্ষণ নীতিতে সংস্কার ও তফসিলি জাতির মধ্যে উপশ্রেণি তৈরির জোরালো দাবি তোলেন। তাঁদের বক্তব্য, সংরক্ষণের সুবিধা প্রকৃত বঞ্চিত ও নীচুতলার মানুষের কাছে পৌঁছানোর জন্য এই বিভাজন অত্যন্ত জরুরি।
পাল্টা আক্রমণ চিরাগ পাসোয়ানের:
জিতন রাম মাঝির এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। তাঁর সাফ কথা, উপশ্রেণি তৈরির দাবি তুলে আসলে সংরক্ষণের আসল সুবিধা কুক্ষিগত করতে চাইছে একটি পক্ষ। চিরাগ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “জিতন রাম মাঝি যদি এই তত্ত্বে বিশ্বাসী হন, তবে ওঁর ও ওঁর ছেলের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানাতে পিছপা হননি জিতন রাম মাঝি। তাঁর সাফ জবাব, সাধারণ মানুষের ও বঞ্চিতদের স্বার্থ দেখতে পান না বলেই চিরাগের এমন আপত্তি, বরং উল্টে চিরাগেরই পদত্যাগ করা উচিত। উল্লেখ্য, ২০২৪ সালে সুপ্রিম কোর্টের রায়ে এসসি এবং এসটিদের মধ্যে উপশ্রেণি তৈরিতে অনুমতি দেওয়া হলেও, কেন্দ্রের দুই শরিক মন্ত্রীর মধ্যে এই প্রকাশ্যে লড়াই এনডিএ শিবিরের অন্দরের টানাপোড়েনকেই জোরালোভাবে সামনে এনে দিল।