“এটা শুধুই একটা খেলা”-ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ সুপ্রিমকোর্টের

ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ বাতিলের জন্য করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, “এটা শুধুই একটি ম্যাচ, এটা হতে দিন।” আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি নিয়ে আইনের ছাত্রী উর্বশী জৈন ও তিনজন পড়ুয়া জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছিলেন।

আবেদনকারীরা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে মামলা করে দাবি করেছিলেন যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে, তাই সরকারের উচিত এই ম্যাচ বাতিল করা। কিন্তু বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোই-এর বেঞ্চ এই আবেদন শুনতে অস্বীকার করে বলেন, “ম্যাচ রবিবার, এখন কী করা সম্ভব? এ নিয়ে তাড়াহুড়োর দরকার নেই।”

আবেদনকারীরা আরও যুক্তি দিয়েছিলেন, পহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্দুরে বহু সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। তাই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা শহীদদের আত্মত্যাগকে অসম্মান করবে।

যদিও রাজনৈতিক মহলেও এই ম্যাচ নিয়ে তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে। শিবসেনা (ইউবিটি)-এর সাংসদ সঞ্জয় রাউত এই ম্যাচকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে আখ্যা দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদবও বিসিসিআইকে ম্যাচটি বয়কট করার পরামর্শ দিয়েছেন।

তবুও আদালতের রায়ে এটি স্পষ্ট যে, এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি স্বাভাবিক নিয়মেই হবে। গ্রুপ পর্ব ছাড়াও, সুপার-৪ এবং ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।