এক ধাক্কায় ৪০০০ চাকরি খালাস! টাটা গ্রুপের এই বিখ্যাত সংস্থায় কোপ পড়তেই মাথায় হাত সকলের!

টাটা মোটরসের সহযোগী তথা বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বড়সড় কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি শুরু করেছে। পরিচালন ব্যয় ব্যাপক হারে কমানো এবং ব্যবসাকে লাভজনক করার লক্ষ্যে আগামী দুই বছরে যুক্তরাজ্যে তাদের প্রায় ৪,০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রায় ১.৭ বিলিয়ন ইউরো—যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৭০০ কোটি টাকা—সাশ্রয় করতে চাইছে জেএলআর। সংস্থার দাবি, এর ফলে তারা কম গাড়ি বিক্রি করেও লাভের মুখ দেখতে পারবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং আন্তর্জাতিক বাজারের প্রবল চাপই এই ছাঁটাইয়ের মূল কারণ বলে জানা গেছে। আমেরিকা জেএলআরের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাজার, যেখানে তাদের মোট বিক্রির প্রায় ২৯ শতাংশ হয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনে তৈরি যাত্রীবাহী গাড়ি আমদানির ওপর নতুন করে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করায় বড় ধাক্কা খেয়েছে জেএলআর। তাছাড়া আমেরিকা ও যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোটা পার হলেই শুল্ক বেড়ে ২৭.৫ শতাংশ পর্যন্ত হয়ে যাওয়ার নিয়ম রয়েছে। এর ওপর সংস্থার অত্যন্ত জনপ্রিয় এসইউভি ‘ডিফেন্ডার’ ইউরোপের স্লোভাকিয়ায় তৈরি হওয়ায় তা ব্রিটেন-আমেরিকা চুক্তির ১০ শতাংশ বিশেষ শুল্ক ছাড়ের কোটার বাইরে রয়ে গেছে, যা কোম্পানির ওপর আর্থিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, এই ছাঁটাইয়ের প্রভাব কারখানার ঘণ্টাভিত্তিক উৎপাদন বা অ্যাসেম্বলি লাইনের সাধারণ কর্মীদের ওপর পড়বে না বলে স্পষ্ট জানিয়েছে জেএলআর কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে সংস্থার সরাসরি ৩৩, তাছাড়া আরও ১ লক্ষ ২০ হাজার কর্মী থার্ড-পার্টি এজেন্সির মাধ্যমে যুক্ত রয়েছেন। কম গাড়ি বিক্রি করেও ব্যবসার ব্রেক-ইভেন পয়েন্ট ছুঁতে এবং উৎপাদন খরচ সামাল দিতে শেষ পর্যন্ত টাটার এই সহযোগী সংস্থার মেগা ছাঁটাইয়ের সিদ্ধান্ত আন্তর্জাতিক অটোমোবাইল বাজারে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।