একের পর এক বাধা পার, চলতি বছরেই সেক্টর ৫ থেকে কবি সুভাষ মেট্রো? শুরু হচ্ছে অন্তিম পর্যায়ের কাজ!

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের দীর্ঘ প্রতীক্ষিত জট অবশেষে কাটতে চলেছে। সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়ে নতিস্বীকার করল রাজ্য প্রশাসন। আগামী ১৫ মে থেকে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক করে মেট্রোর আটকে থাকা কাজ শুরু করার সবুজ সংকেত দিল কলকাতা পুলিশ। আরভিএনএল (RVNL) সূত্রে খবর, বর্ষা নামার আগেই অর্থাৎ জুনের মাঝামাঝি সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
অরেঞ্জ লাইনের মাত্র ৩৬৬ মিটার অংশ জুড়ে দিলেই সম্পূর্ণ হবে এই রুট। এই কাজ সম্পন্ন হলে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন সরাসরি যুক্ত হয়ে যাবে। আইনি জটিলতা এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে প্রকল্পটি থমকে ছিল। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছলে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ রাজ্যকে তীব্র তিরস্কার করে প্রশ্ন তোলে, “উৎসব বড় নাকি যোগাযোগ ব্যবস্থার উন্নতি?”
শীর্ষ আদালতের নির্দেশের পর বুধবার বিকেলে কলকাতা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ১৫ মে থেকে ধাপে ধাপে ট্রাফিক নিয়ন্ত্রণ করে পিলারের উপর গার্ডার বসানোর কাজ চলবে। সব ঠিক থাকলে, চলতি বছরের মধ্যেই কবি সুভাষ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।